২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের প্রথম হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) কাছে তারা হেরেছে ৬৩ রানে। তবে ওল্ড ডিওএইচএসকে ২১ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিক্টোরিয়া। আর বাংলাদেশ বিমানকে হারিয়ে প্রথম জয় পেয়েছে কলাবাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম হারের স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) কাছে তারা হেরেছে ৬৩ রানে। তবে ওল্ড ডিওএইচএসকে ২১ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিক্টোরিয়া। আর বাংলাদেশ বিমানকে হারিয়ে প্রথম জয় পেয়েছে কলাবাগান। বিরূপ আবহাওয়ার কারণে সোমবার লিগের এই তিন খেলা বাধার মুুখে পড়ে। ব্রাদার্স-সিসিএস বিকেএসপির দুই নম্বর মাঠে সোমবার খেলা বন্ধ হওয়ার আগে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেটে ১২৬ রান করে সিসিএস। মঙ্গলবার খেলার দৈর্ঘ্য ২৮ ওভার করে কমে নেমে আসে ২২ ওভারে। আতিকুর রহমানের ৫৯ ও রশিদ হানিফের ৩০ রানের সুবাদে সিসিএস ৭ উইকেটে করে ১৬৩ রান। ব্রাদার্সের পক্ষে আব্দুর রাজ্জাক ও শাকের আহমেদ দুটি করে উইকেট নেন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য ২২ ওভারে ১৭০ রানের দাঁড়ায় ব্রাদার্সের। ঐ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। সর্বোচ্চ ৩৯ রান আসে আকিল আহমেদের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটসম্যান বিশের কোঠায়ও পৌঁছাতে পারেন নি। সিসিএসের পক্ষে রবিউল ইসলাম ৪ উইকেট নেন ২৯ রানে। ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার খেলা বন্ধ হওয়ার আগে ভিক্টোরিয়া ২৩ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে। মঙ্গলবার জয়ের জন্য ২৩ ওভারে ওল্ড ডিওএইচএসের লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রান। উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদের ৪০ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ২১ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ওল্ড ডিওএইচএস ১১৩ রান করেন। নাসির ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান বিশের কোঠায় পৌঁছাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে। ২৪ রানে ৪ উইকেট নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানই ভিক্টোরিয়ার সবচেয়ে সফল বোলার। কলাবাগান-বিমান ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার একটি বলও মাঠে গড়ায়নি। মঙ্গরবার ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিমান। ব্যাট করতে নেমে আবিদ আলীর ৮৭ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৯৯ রান করে কলাবাগান। ৯ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় কলাবাগান। তৃতীয় উইকেটে নাসির ও রিফাত উল্লাহর (৪৬) ১০৪ রানের ভালো একটি জুটি দলকে ওই অবস্থা থেকে টেনে তুলে। শেষ দিকে আরাফাত সালাউদ্দিনের ৩১ বলে ৩২ রানের ইনিংসটি কলাবাগানকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। বিমানের পক্ষে প্রায় একাই লড়েছেন তাসকিন আহমেদ। ২১ রানে ৫ উইকেট নেন তিনি। জবাবে ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিমান। ফয়সাল ইকবাল ৫২ রানের ঝকঝকে এক ইনিংস খেললেও সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত দলটি ৪২ ওভার ১ বলে ১৬৩ রানে অলআউট হয়। কলাবাগানের পক্ষে শাহাদাত হোসেন ও তালহা যুবায়ের ৩টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৭ ঘ.