২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে প্যাটিনসন, বিকেলে জহির

সিডনি টেস্টের প্রথম দিন মঙ্গলবার ভারতের প্রথম পালার ১৯১ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছে তিন উইকেটে ১১৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনি টেস্টের প্রথম দিন জেমস প্যাটিনসনের নেতৃত্বে প্রথমে ছড়ি ঘোরালেন অস্ট্রেলিয়ার বোলাররা, আর শেষ বিকেলে ভারতের জহির খান। তারা ভাগাভাগি করে তুলে নিলেন ১৩ উইকেট। দিন শেষে স্কোর বোর্ডে প্রথম পালায় অস্ট্রেলিয়ার রান জমা হলো তিন উইকেটে ১১৬। এর আগে ভারতের প্রথম পালা গুটিয়ে যায় ১৯১ রানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক উইকেটে আছেন ৪৭ রান নিয়ে। অন্য প্রান্তে ৪৪ রানে অপরাজিত রয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শততম টেস্টে ভারতের প্রথম পালার জবাব দিতে নেমে ৩৭ রানের মধ্যে তিন উইকেট হারালে ভারতের এই মামুলি সংগ্রহই লড়াই করার মতো পুজিতে পরিণত হয়। এ জন্য জহিরের প্রশংসা অবশ্যই করতে হবে। ডেভিড ওয়ার্নার (৮), এড কাওয়ান (১৬) ও শন মার্শের (০) উইকেট নিয়ে তিনিই খেলায় ফেরান ভারতকে। তবে দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে অধিনায়ক ও সাবেক অধিনায়ক চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তুলে দলের অবস্থা অনেকটা সুসংহিত করেন। উইকেট তিনটি নিতে জহিরের খরচ হয় ২৬ রান। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তার এই সিদ্ধান্তকে যথার্থ বলে প্রমাণ করতে এগিয়ে আসেননি কেউ। ব্যতিক্রম ছিলেন কেবল শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। অর্ধশতক আসে ধোনির ব্যাট থেকেও। এছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউ। স্কোর বোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির। এরপরই শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। ফলে গড়ে ওঠেনি বড় কোনো পার্টনাশিপও। সপ্তম উইকেট জুটিতে ধোনি ও রবীচন্দ্রন অশ্বিনের মধ্যে ৫৪-ই ছিল সব চেয়ে বেশি রানের পার্টনারশিপ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট কোহলি ও টেন্ডুলকার। অঙ্কের এই হিসেবই তুলে ধরছে আসল কথা-ব্যাটসম্যানদের ব্যর্থতা। সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত থাকেন ধোনি। তিনি তার ৭৭ বলের ইনিংসটি সাজান আটটি চার দিয়ে। এর আগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে শেবাগ করেন ৩০। আর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার বিদায় নেন ৪১ রান করে। এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২৩ রান ও অশ্বিনের ব্যাট থেকে ২০। চার ব্যাটসম্যান হিসেবের খাতাই খুলতে পারেননি। ‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় করেন ৫। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যিনি সব সময় সফল, সেই ভিভিএস লক্ষ্মণের ব্যাট হাসেনি এই টেস্টেও। তিনি করেন মাত্র ২। অস্ট্রেলিয়ার পক্ষে চার উইকেট নেন প্যাটিনসন ৪৩ রানে। এছাড়া তিনটি করে উইকেট নেন বেন হিলফেনহস ও পিটার সিডল। এ জন্য হিলফেনহসের খরচ হয় ৫১ রান, সিডলের ৩। চার টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৫ ঘ.