ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার ম্যাচ টেস্ট সিরিজ ৪-০ তে জিতবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ সম্পর্কে এমন ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা।
৩ জানুয়ারি সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইএসপিএন-স্টারকে ম্যাকগ্রা বলেন, “রবিবার আমি বলেছিলাম ৩-০ তে জিতবে। কিন্তু আমি ভুল বলেছি, কারণ আমি ভেবেছিলাম এটা তিন ম্যাচ সিরিজ। অবশ্যই অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে।”
“তারা (অস্ট্রেলিয়া) যেভাবে খেলছে তা দেখে আমি মুগ্ধ। আমার বিশ্বাস বোলিং আক্রমণের উপরই একটি দল নিজেদের গড়ে তোলে এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বোলিং সত্যিই চমৎকার,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়ার নতুন গতি তারকা জেমস প্যাটিনসন সম্পর্কে ম্যাকগ্রা বলেন, “তার বোলিং ধরণ ভালো। তিনি সঠিক জায়গা থেকে বল করেন এবং তার বলে গতিও আছে। তার মেজাজও মানান সই। তার বোলিংয়ের সামনে ভারতের ব্যাটসম্যানদের নড়বড়ে অবস্থা দেখা আমি উপভোগ করি।”
মেলবোর্নে প্রথম টেস্টে ৬ উইকেট তুলে নেয়ার পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংসেই অপরাজিত থেকে ১৮ ও ৩৭ রান করেন প্যাটিনসন। হন ম্যাচ সেরা।
ম্যাকগ্রা আরো বলেন, “আমি তার মত দ্রুত বল করতে চাই। ক্যারিয়ারের শুরুতে ম্যাচে পাঁচটি উইকেট দখল করা সত্যিই দারুণ। এটা তাকে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫২ ঘ.
bdnews24