ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচ হতে আগ্রহী বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। জাতীয় ক্রিকেট একাডেমির সাবেক কোচ রস টার্নার এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেলও বিপিএলে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ।
বিপিএল গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু সোমবার এ তথ্য জানিয়েছেন।
বিপিএলের প্রথম আসর শুরু হচ্ছে ১০ ফেব্র“য়ারি থেকে। প্রতিযোগিতায় অংশ নেবে ৬টি দল। তবে ৬টি বিভাগের প্রতিনিধিত্ব করা দলগুলোর নাম এখনো ঠিক হয়নি।
গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সিডন্সের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গাজী আশরাফ হোসেন লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন ধরেই তিনি (সিডন্স) বিপিএলের কোনো একটি দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। বিপিএল সম্পর্কে নিয়মিত খোঁজ-খবরও নিচ্ছেন তিনি।”
“জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল ও রস টার্নারও কোচ হতে আগ্রহ দেখিয়েছেন। তবে আমরা এখনও এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেইনি,” যোগ করেন তিনি।
লিপু আরও জানান, “এখনো দল কেনা ও নামকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আগে ওগুলো শেষ হোক, তারপর কোচ নিয়ে ভাবা যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.
bdnews24