২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি বলেই কি আগ্রহের কেন্দ্রবিন্দুতে টেন্ডুলকারের শতক?

সডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে এখানে খেলা চারটি টেস্টে ২২১.৩৩ গড়ে শচীন টেন্ডুলকারের মোট রান ৬৬৪। আছে অপরাজিত একটি দ্বি-শতক ও দুইটি শতক। আর একটি শতক পেলেই শতকের শতক হয়ে যাবে টেন্ডুলকারের। তাই এই ম্যাচে খেলা ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন ভারতের এই ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -সিডনিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে এখানে খেলা চারটি টেস্টে ২২১.৩৩ গড়ে শচীন টেন্ডুলকারের মোট রান ৬৬৪। আছে অপরাজিত একটি দ্বি-শতক ও দুইটি শতক। আর একটি শতক পেলেই শতকের শতক হয়ে যাবে টেন্ডুলকারের। তাই এই ম্যাচে খেলা ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন ভারতের এই ব্যাটসম্যান। এদিকে এই ম্যাচটি হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আয়োজিত শততম টেস্ট। মেলবোর্নে সিরিজের প্রথম টেস্টে ১২২ রানে হেরেছে ভারত। সফরকারীদের তারকা নির্ভর ব্যাটিং লাইনআপের প্রায় সবাই ব্যর্থ হন। দুই ইনিংসে টেন্ডুলকারের রান ৭৩ ও ৩২। ওই ম্যাচে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ব্যর্থ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। দুই ইনিংসে মাত্র ৩ রান করেন তিনি। এমসিজিতে লক্ষ্মণের ব্যাটিং গড় ১৪.২৫। তবে এবার তাকে নিয়ে আশাবাদী হতেই পারে ভারতীয় শিবির। এসসিজিতে খেলা আগের চার টেস্টে লক্ষ্মণের মোট রান ৪৮১। তিনটি শতকসহ ব্যাটিং গড় ৯৬.২০। এসসিজিতে নিজেদের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৮৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। তবে স্বাগতিকদের জন্য আশার কথা হচ্ছে এই মাঠে গত ১৫ বছরে একমাত্র ইংল্যান্ডের কাছেই হেরেছে (২০০৩ ও ২০১১) তারা। ১২ সদস্যের দলে রায়ান হ্যারিসকে রাখলেও শেষ পর্যন্ত অপরিবর্তিত দল নিয়েই এসসিজিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে পিচের কারণেই চার পেসার না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। অস্ট্রেলিয়ার অন্যান্য পিচের তুলনায় এসসিজির পিচে বাউন্ড অনেক কম। তাই ভারতের ব্যাটসম্যানরা এখানে বেশি সুবিধা পেতে পারেন। যদিও এই বিষয়ে একমত নন কিউরেটর টম পার্কার। তার ধারণা এই মাঠে সর্বশেষ টেস্টের মত এবারও সুইং ও সিম বোলাররাই ভালো করবেন। ২০১১ সালের জানুয়ারিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওই টেস্টে ইংল্যান্ডের সিম বোলাররাই দলকে ইনিংস ব্যবধানের অসাধারণ এক জয় এনে দিয়েছিলেন। যদিও ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ৬৪৪ রান করেন। ভারতীয় দলে একটি পরিবর্তন দেখা যেতে পারে। বিরাট কোহলীর জায়গায় টেস্ট অভিষেক হতে পারে ৭২টি ওয়ানডে ও ২২টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মার। ভারত-অস্ট্রেলিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিলো চার বছর আগে। অনেকের মতে সা¤প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওই ম্যাচটি ছিলো সবচেয়ে বিতর্কিত। ম্যাচটি কুখ্যাত হয়েছিলো বাজে আম্পায়ারিং, বৈষম্যমূলক আচরণ ও অতিরিক্ত আপিলের কারণে। পুরো ম্যাচে দুই প্রতিপক্ষ শিবিরে ছিলো যুদ্ধাংদেহী মনভাব। আবারো এসসিজিতে মুখোমুখি ক্রিকেটের এই দুই পরাশক্তি। অনেকটা সময় পেরিয়ে গেছে। খেলছেন না চার বছর আগের ওই ম্যাচের দুই সমস্যা সৃষ্টিকারী সদস্য অ্যান্ড্রু সাইমন্ডস বা হরভজন সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ দুই আম্পায়ারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অসাধারণ এক রেকর্ডের সাক্ষী হয়ে থাকুক এসসিজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫৯ ঘ.