ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পট ফিক্সিং কেলেঙ্কারির লজ্জাকে পেছনে ফেলে পাকিস্তান ক্রিকেটের ঘুরে দাঁড়ানো তার নেতৃত্বেই। ২০১১ সালে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সফল দলের মর্যাদা লাভ মিসবাহ-উল হকের অধিনায়কত্বে। তবু তার রক্ষণাত্মক নেতৃত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে চাপা গুঞ্জন। মোহসিন খান অবশ্য অধিনায়কের পাশেই আছেন। পাকিস্তানের প্রধান নির্বাচক ও অন্তর্বর্তী কোচ বরং মিসবাহর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ।
৩৭ বছর বয়সী মিসবাহকে সমর্থন জানিয়ে মোহসিন খান বলেন, “আপনাদের বুঝতে হবে এই বয়সে একটি বা দুটি ম্যাচে ব্যর্থ হলে সমালোচকদের তোপ এবং দল থেকে বাদ পড়ার শঙ্কা তাকে চেপে ধরতে পারে।”
“সেজন্যই কখনো-কখনো নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রবণতা দেখা যায় তার মধ্যে। তবে অধিনায়ক হিসেবে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি তাকে বলেছি অন্য সব কথা ভুলে নিজের কাজের প্রতি মনযোগ দিতে। আর কাজটা হলো দলকে নেতৃত্ব দেয়া”, যোগ করেন তিনি।
এমনিতে মিসবাহর অধিনায়কত্ব নিয়ে মোহসিন খান উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “মিসবাহ বুদ্ধিমান অধিনায়ক আর খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগও চমৎকার। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলে দলকে জয়ের পথে এগিয়ে নিতেও তিনি পারদর্শী। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ১০ ওভার পেলেও আমরা জয়ের জন্য চেষ্টা করবো এবং কিছুতেই ড্রয়ের লক্ষ্যে খেলবো না।”
গত ২১ ডিসেম্বর ঢাকা টেস্টের শেষ দিনে ৪০ ওভার হাতে নিয়ে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ছিলো ১০৩ রানের। তবে তার অনেক আগে, ২১তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০০ঘ.
bdnews24