২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে জাতীয় দলের অনুশীলন

জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে রোববার থেকে। মুশফিকুর রহিম অধিনায়ক হওয়ার পর এটাই জাতীয় দলের প্রথম অনুশীলন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে রোববার থেকে। মুশফিকুর রহিম অধিনায়ক হওয়ার পর এটাই জাতীয় দলের প্রথম অনুশীলন । এর আগে বিসিবি কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচকেই বেশি গুরুত্ব দেয়া হবে। জিম্বাবুয়ে সফরের আগে প্রস্তুতি ম্যাচের ঘাটতি নিয়ে অনেক সমালোচনা হওয়ায় বিসিবি এবার বেশ সতর্ক । বিসিবি কাপের পর ক্রিকেটাররা অংশ নেন চারদিনের ম্যাচে। দু দিনের বিশ্রামশেষে রোববারের অনুশীলনের পর সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনরাতের টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। জাতীয় দলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের নিয়ে গড়া হবে বাংলাদেশ 'এ' দল। নভেম্বরে 'এ' দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। তাদের সঙ্গেই টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। প্রস্তুতি ম্যাচের ব্যাপারে বিসিবির ক্রিকেট বিষয়ক ব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন, "বিসিবি কাপে একদিনের সিরিজের ও চারদিনের ম্যাচ দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি অনেকটাই নেয়া হয়েছে। বাকি রয়েছে কেবল টি-টোয়েন্টির প্রস্তুতি। এবার সেটাই হবে।" জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল অনুশীলনের জন্য নেটের চেয়ে ম্যাচ খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দলকে ভালোভাবে গড়ে তুলতে প্রস্তুতি ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মুশফিকুর রহিমও। প্রধান নির্বাচক আকরাম খানও ভীষণ গুরুত্ব দিচ্ছেন এই ম্যাচগুলোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "১৮ জন থেকেই বাছাই করা হবে একদিনের সিরিজের ১৪ সদস্যের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ এবং নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এই খেলাগুলো দেখেই একদিনের সিরিজের দল গড়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.