ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য চুক্তিবদ্ধ বেশ কয়েক জন খেলোয়াড়ের পাওনা অর্থ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো পরিশোধ করেনি। এদের মধ্যে রয়েছেন সাইমন ক্যাটিচ ও রামনরেশ সারওয়ান ।
আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন এফআইসিএ জানায়, খেলোয়াড়দের পক্ষ থেকে বহু অনুরোধ করার পরও ১৮ মাসেরও বেশি সময় ধরে অর্থ পরিশোধ করা হচ্ছে না।
এফআইসিএ'র প্রধান নির্বাহী টিম মে বলেন, বিসিসিআই'র কাছ থেকে অর্থ উদ্ধারের জন্য বেশ কয়েকজন খেলোয়াড় শেষ পর্যন্ত তার সংগঠনের সাহায্য চেয়েছেন।
২০১০ সালের মার্চ-এপ্রিলে আয়োজিত আইপিএলের তৃতীয় আসরে খেলার জন্য চুক্তিবদ্ধ যে সব খেলোয়াড়ের অর্থ পরিশোধ করা হয়নি, তাদের মধ্যে ক্যাটিচ ও সারওয়ান রয়েছেন বলে তিনি জানান।
টিম মে বলেন, এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণের জন্য খেলোয়াড়দের পক্ষ থেকে তার সংগঠন গত মাসে চিঠি লেখে আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিনের কাছে। কিন্তু এর জবাব পর্যন্ত দেয়া হয়নি তার সংগঠন কিংবা খেলোয়াড়দের কাউকে।
ক্যাটিচ ও সারওয়ান অবশ্য ২০১০ সালের আইপিএলে খেলেননি। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে এখনো তাদের চুক্তি কার্যকর রয়েছে। ২০০৮ সালের নিলামে চুক্তিবদ্ধ হন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪২ ঘ.
bdnews24