২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার হাত থেকে রেহাই পেলেন শচীন

শেষ পর্যন্ত জরিমানা গুনতে হলো না শচীন টেন্ডুলকারকে। মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে নতুন বাড়িতে ওঠার জন্য তার জরিমানা করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত জরিমানা গুনতে হলো না শচীন টেন্ডুলকারকে। মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে নতুন বাড়িতে ওঠার জন্য তার জরিমানা করা হয়েছিল। রাজ্য সরকার জরিমানা ছাড়াই টেন্ডুলকারকে তার বাড়িতে ওঠা সংক্রান্ত অনুমতি পত্র দেয়ার নির্দেশ দিলে বোম্বে পৌর কর্পোরেশন তা পালন করে। পৌর কর্পোরেশনের কাছ থেকে যথাযথ অনুমতি পত্র না নিয়েই টেন্ডুলকার মুম্বাই শহরের বান্দ্রা উপকণ্ঠের পেরিক্রস রোডে নির্মিত তার নতুন বাড়িতে ওঠেন বুধবার। পরে নিজ বাড়ির বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "নতুন বাড়িতে ওঠার এই মুহূর্তটির কথা আমার চিরকাল মনে থাকবে। খুব ভালো লাগছে আমার।" "সবাই নিজের বাড়ির স্বপ্ন দেখেন। আমারো স্বপ্ন ছিল এ রকম একটি বাড়ির। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি এখন খুব খুশি," অনেকের মতে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান যোগ করেন, "এর আগে আমি যে বাসাতে থাকতাম, সেটি পেয়েছিলাম ক্রীড়া কোটার আওতায়। ওই বাসাটি আমি ছেড়ে দিয়েছি, যাতে অন্য কোনো খেলোয়াড় ও তার পরিবার থাকতে পারেন।" টেন্ডুলকার তার বাড়িটি তৈরি করেন প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি বাংলোর ওপর। এটি তিনি কেনেন ২০০৭ সালে ৩৯ কোটি রুপি দিয়ে। বাড়িটির চারপাশ ঘিরে রয়েছে উঁচু দেয়াল। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও সেন্সরসহ বিভিন্ন যন্ত্রপাতি। বাড়িটি তৈরি করেন টেন্ডুলকার তার পছন্দ ও অপছন্দের কথা ভেবে। পাঁচ তলা বাড়ির দু'তলা রয়েছে মাটির (ভূ-পৃষ্ঠ) নিচে। বাকি তিন তলা ওপরে। টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি থাকবেন সবচেয়ে উপরের তলায়। ঠিক নিচের তলায় থাকবেন ছেলে অর্জুন ও মেয়ে সারা। একটি ঘরও রয়েছে অতিথিদের থাকার জন্য। এর নিচের তলায় একটি মন্দির ছাড়াও রয়েছে বসবার ও খাবার ঘর। এছাড়া টেন্ডুলকারের অর্জিত বিভিন্ন ট্রফি সাজিয়ে রাখার ব্যবস্থাও রয়েছে সেখানে। কাজের লোকেরা থাকবেন মাটির ঠিক নিচের তলায়। তার নিচের তলায় রাখা হবে টেন্ডুলকারের গাড়ি। বিভিন্ন খবরে বলা হচ্ছে, একই সঙ্গে বহু গাড়ি রাখা যাবে সেখানে। আর বাড়ির প্রাঙ্গনে 'সুইমিং পুল' তো আছেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৪ ঘ.