২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের রানে ফেরার আনন্দে সঙ্গী তামিমও

অনেক দিন পর তামিম ইকবালের সঙ্গে একটা ভালো উদ্বোধনী জুটি গড়তে পেরে দারুণ উচ্ছ্বসিত ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর তামিম ইকবালের সঙ্গে একটা ভালো উদ্বোধনী জুটি গড়তে পেরে দারুণ উচ্ছ্বসিত ইমরুল কায়েস। বৃহস্পতিবার চারদিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে ১৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ও ইমরুল। লাল দল ম্যাচটি জেতে ৭ উইকেটে। যে জয়ে তামিম ও ইমরুলের অবদান যথাক্রমে ৭৭ ও ৭৫ রান। ম্যাচ শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল বলেন, "গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পর আমরা বড় জুটি গড়তে পারছিলাম না। অনেক দিন পর আবার আমাদের মধ্যে বড় জুটি হল।" তিনি বলেন, "আমরা একজন আরেক জনকে ভালোভাবে বুঝতে পারি। আমি তামিমের সঙ্গে ব্যাটিংটা দারুণ উপভোগও করি। তামিম বেশি শট খেললে কিংবা আমি একটু বেশি আক্রমণাত্মক হলে একে অন্যের কী করা উচিৎ তা-ও আমরা সহজে বুঝতে পারি।" "আমরা আগের মতো ছন্দে ফিরেছি। আশা করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে ভালো করতে পারবো," যোগ করেন তিনি। তামিমও তার ওপেনিং সঙ্গীর সঙ্গে সুর মিলিয়ে বলেন, "আমাদের মধ্যে খুবই ভালো বোঝাপড়া। আমরা এক সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করি।" তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচে সবাই কম-বেশি রান পেয়েছেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি লাভ হয়েছে ইমরুল কায়েসের।" "তার সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি রান পাচ্ছিলেন না। আমি মনে করি তার ছন্দে ফেরাটা দলের জন্য দারুণ ব্যাপার," যোগ করেন তামিম। তিনি বলেন, "ইমরুলের আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। তিনি আগেও নিজেকে প্রমাণ করেছেন, এখনো করছেন। আমরা শুধু তার একটা ভালো ইনিংসের অপেক্ষায় ছিলাম।" তবে অনেকদিন ধরে তাদের মধ্যে ভালো জুটি গড়ে না ওঠার অভিযোগ মানতে রাজি হননি তামিম। তিনি বলেন, "না অনেক দিন ধরে নয়, শুধু জিম্বাবুয়ে সফরেই আমাদের মধ্যে বড় জুটি হয়নি।" নিজের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, "আমি ভালো ব্যাটিং শুরু করেছি। ভালো করছি এমন কথা বলবো না। তবে এটাকে ভালো ব্যাটিংয়ের সূচনা বলতে পারেন।" "মধ্যাহ্ন-বিরতির পর আমি আক্রমণাত্মক ব্যাটিং করেছি। এটাই আমার স্বাভাবিক খেলা। আমি তো মনে করি আমার এভাবেই খেলা উচিৎ। এ ধরনের ব্যাটিং আমার তো বটেই, দলেরও খুব উপকারে আসবে," যোগ করেন তামিম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গত কয়েক দিন আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম। তবে এখন ব্যাটিংটা উপভোগ করছি।" বিপর্যস্ত থাকার কারণ হিসেবে তিনি বলেন, "যেভাবে চাচ্ছিলাম কিছুতেই সেভাবে খেলতে পারছিলাম না। ব্যাটিং নিয়ে বেশ ভাবনায় ছিলাম। কিভাবে শুরু করবো তা বুঝতে পারছিলাম না।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও একদিন দুটো সিরিজেই সবচেয়ে বেশি রান করতে চান তামিম। ঘরের মাঠে বাংলাদেশ ভালো করবে বলেও তিনি আশাবাদী। এ ব্যাপারে তিনি বলেন, "বাংলাদেশের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই ভালো হচ্ছে। তবে তার পরও আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রস্তুতি ভালো হলে আমাদের পক্ষে ভালো করাও সম্ভব।" এ ব্যাপারে ইমরুলও তার সঙ্গে একমত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১১ঘ.