২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে সেরা মানছেন ওয়াহও

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহও। অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আরোহণ ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি। ওয়াহর অধিনায়কত্বে অস্ট্রেলিয়া এক সময় বিশ্ব ক্রিকেটের অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছিলো। সেসময় অ্যাশেজে বেশ কয়েকবার ইংল্যান্ডকে হারিয়েছেও তারা। তবে স্ট্রাউসের অধিনায়কত্বে ঘরে ও প্রতিপক্ষের মাঠে দু-দুটো অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। স¤প্রতি নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে পৌঁছে গেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেও। স্কাই স্পোর্টস নিউজকে ওয়াহ বলেন, "গত ১৮ মাস তারা পুরোপুরি পেশাদার দলের মত খেলেছে। যারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে চায় এবং যত দ্রুত সম্ভব জয় তুলে নিতে চায়।" "ইংল্যান্ড এখন জয়ের ধারায় আছে এবং তাদের দলের গভীরতাও দারুণ। তারা জানে কিভাবে জিততে হয়। কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তাও তাদের ভালো মতোই জানা," যোগ করেন তিনি। তবে ইংল্যান্ডকে টেস্টের সেরা দল হিসেবে নির্দ্বিধায় মেনে নিলেও ওয়াহ মনে করেন দক্ষিণ আফ্রিকাও তেমন পিছিয়ে নেই। দুঃসময় পেছনে পেছনে ফেলে অস্ট্রেলিয়াও দ্রুত ঘুরে দাঁড়াবে বলেই তার বিশ্বাস। আন্তর্জাতিক ক্রিকেট সূচির অতিরিক্ত চাপকে ইংল্যান্ড সফরে দলের বাজে খেলার প্রধান কারণ বলে দাবী করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সফরে কয়েকটি প্রস্তুতি ম্যাচ জিতলেও কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি ভারত। তবে ধোনির এই দাবির সঙ্গে একমত নন ওয়াহ। বরং তিনি মনে করেন প্রস্তুতির অভাবই ভারতকে ডুবিয়েছে। তিনি বলেন, "আমার মতে এটা ভারতের একেবারেই খোঁড়া যুক্তি। আমার বিশ্বাস তাদের প্রস্তুতি ভালো ছিলো না। সমারসেটের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেই তারা টেস্ট খেলতে নেমে পড়েছে। ইংল্যান্ডের মতো একটি দলের বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে পূর্ণ প্রস্তুতি ছাড়া আপনি ভালো কিছুর আশা করতে পারেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫১ঘ.