ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী খেলায় অংশ নিলেও চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে আর খেলতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই-ই বলা যায়। গত জুনে ডি ভিলিয়ার্স একদিনের দলের অধিনায়ক হওয়ার পর ঘরের মাঠে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ।
আগামী ১৩ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে। সফরে দুটো টি-টোয়েন্টি, তিনটি একদিনের ও দুটো টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। একদিনের সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার দল ব্যবস্থাপক মোহাম্মদ মুসাজি ইএসপিএন-ক্রিকইনফোকে বলেন, "তিনি (ডি ভিলিয়ার্স) হয়তো বুধবার রাতেই দেশে ফিরে আসবেন। আমাদের চিকিৎসকদের দ্বারা পরীক্ষা করার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।"
ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি ব্যাঙ্গালোরকে তেমন সমস্যায় ফেলবে না বলেই মনে করছেন দলটির আরেক ব্যাটসম্যান বিরাট কোহলি। ডি ভিলিয়ার্সের জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব নিতে পারেন তিলকারতেœ দিলশান বা অরুণ কার্তিক।
কোহলি বলেন, "আমাদের দলে ডি ভিলিয়ার্সের অভাব পূরণ করার মতো যোগ্য খেলোয়াড় আছেন।"
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাঙ্গালোরের পরবর্তী খেলা। এরপর সমারসেট ও সাউথ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। নিজেদের প্রথম খেলায় ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে ব্যাঙ্গালোর। আর একটি খেলায় হারলেই তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪৬ঘ.
bdnews24