ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরে ইংল্যান্ডের সীমিত ওভারের দলে ডাক পেয়েছেন কেভিন পিটারসেন। বিশ্রাম দেয়া হয়েছে পেসার জেমস অ্যান্ডারসনকে। আর নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সারে পেসার স্টুয়ার্ট মিকার।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ইংল্যান্ড পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে এর আগে খেলবে দু'টো প্রস্তুতি ম্যাচ। প্রথমটি হবে ৮ অক্টোবর।
গত সপ্তাহে ২২ বছর বয়সী মিকারকে অনুশীলনে ডাকা হয়। সেখানেই নজর কাড়েন তিনি নির্বাচকদের।
ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল সারে ব্যাটসম্যান পিটারসেনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু'টো টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে দেখা যায়নি তাকে।
দলে নেয়া হয়েছে ওয়ারউইকশায়ার অল-রাউন্ডার ক্রিস ওকস ও ডারহামের স্কট বর্থউইককে। ভারতের বিপক্ষে একদিনের দলে ছিলেন না তিনি।
দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জনি বেইরস্টো, ইয়ান বেল, রবি বোপারা, স্কট বর্থউইক, টিম ব্রেসন্যান, জ্যাড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, ক্রেগ কিসওয়েটার, স্টুয়ার্ট মিকার, সমিত প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, জনাথন ট্রট ও ক্রিস ওকস।
টি-টোয়েন্টি দলে আরো রয়েছেন জস বাটলার ও অ্যালেক্স হ্যালস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৯ ঘ.
bdnews24