ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের খেলায় সাউথ অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।
দুই খেলায় এটি কলকাতার দ্বিতীয় পরাজয়। অন্য দিকে সমান খেলায় এটি সাউথ অস্ট্রেলিয়ার প্রথম জয়।
হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ক্যালাম ফার্গুসনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৮৮ রান করে সাউথ অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১৬৯ রানে থামে কলকাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। ৪৬ রানের মধ্যে সাজঘরে ফিরে আসেন মানভিন্দর বিসলা ১৩, সাকিব আর হাসান ১৩ ও অধিনায়ক গৌতম গম্ভির ৯।
চতুর্থ উইকেটে জ্যাক ক্যালিস (২০) ও মনোজ তিওয়ারী ৩৫ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু দলীয় ৮১ রানে ক্যালিস বিদায় নিলে বিপদে পড়ে কলকাতা। এর পর মাত্র ৫ রান ইউসুফ পাঠান বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারতের দলটি। দলের রান তখন ১০২।
২ রান পর তিওয়ারী (৪০) ইউসুফকে অনুসরণ করলে কলকাতার পরাজয় তখনই নিশ্চিত হয়ে যায়। তিওয়ারী তার ৩১ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ২টি ছয় দিয়ে।
রায়ান টেন ডসকেটের ২৬ বলের ৩২ ও রজত ভাটিয়ার ১৩ বলে ২১ রানের দুটি ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল। ইকবাল আব্দুল্লাহ ১০ রানে অপরাজিত থাকেন।
সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে গ্যারি পুটল্যান্ড ও হ্যারিস ৩টি করে উইকেট নেন। এ জন্য পুটল্যান্ড দেন ৩১ রান। হ্যারিস ৪২।
এর আগে অধিনায়ক মিচেল ক্লিঙ্গার (২০) ও ড্যানিয়েল হ্যারিস (২৬) সাউথ অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন। তবে ৪৫ রানের উদ্বোধনী জুটির পরও ৭৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সাউথ অস্ট্রেলিয়া।
চতুর্থ উইকেটে ফার্গুসন ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ৮৪ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দলীয় ১৬১ রানে ক্রিশ্চিয়ান বিদায় নিলেও অবিচল ছিলেন ফার্গুসন। ক্রিশ্চিয়ান তার ২৭ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছয় দিয়ে।
ফার্গুসন শেষ পর্যন্ত ৭০ রানে অপরাজিত থাকেন। তার ৪০ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছয় রয়েছে।
কলকাতার পক্ষে লক্ষ্মীপতি বালাজি ২ উইকেট নেন ২৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৬ ঘ.
bdnews24