ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বল হাতে ছন্দ ফিরে পাওয়ার দাবি করছেন ডানহাতি পেসার শাহাদাত হোসেন।
বাংলাদেশ লাল দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসেরও ধারণা ছন্দে ফিরতে শুরু করছেন শাহাদাত হোসেন। তার বলেই শতক থেকে ১৫ রান দূরে থাকতে বিদায় নেন ইমরুল। এর আগে তামিম ইকবাল ও শুভাগত হোম চৌধুরীকেও ফেরান শাহাদাত।
চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাহাদাত বলেন, "চোট থেকে ফেরার পর নিজেকে ক্রমশ ফিরে পাচ্ছি আমি। চার দিনের ম্যাচে তেমন চাপ নেই। সেজন্য ছন্দে ফিরতে অনেকটা সময় হাতে পাচ্ছি।"
ছন্দে ফিরতে বিসিবি কাপ বেশ কাজে লেগেছে বলে মনে করছেন শাহাদাত। নিজেকে ফিরে পাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে খেলার স্বপ্নও জোরালো হচ্ছে তার।
তিনি বলেন, "সামনে টেস্ট ম্যাচ। তাই কঠোর পরিশ্রম করছি। আমি মনে করি টেস্ট সিরিজের আগেই নিজের সেরা ছন্দ খুঁজে পাবো।"
গতি একটু বেড়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশে তো এখন স্পিড গান (বোলিংয়ের গতি নির্ধারক যন্ত্র) নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল করতে নামলেই বুঝতে পারবেন বেড়েছে কী না।"
"মাঝখানে অনেক পরিশ্রম করেছি। নিয়মিত ব্যায়াম করেছি, অনেক দৌড়েছি। আগে কিছুটা দুর্বল থাকলেও এখন অনেক ভালো বোধ করছি," যোগ করেন তিনি।
উইকেট থেকে তেমন সহায়তা পাচ্ছেন না বলে জানান শাহাদাত। তিনি বলেন, "এই উইকেট থেকে পেসাররা কোনো সহায়তা পান না। আজ দ্বিতীয় দিনের উইকেট ভীষণ শুকনো মনে হয়েছে। উইকেটে তেমন বাউন্স বা সুইং ছিল না।"
"সকালের দিকে বৃষ্টি হওয়ায় প্রথম দিকে উইকেট থেকে একটু সহায়তা পাওয়া গেলেও পরের দিকে তেমন কিছু ছিল না," যোগ করেন তিনি।
তিনি বলেন, "নতুন বল একটু সুইং করছিল। জানতাম যা করার নতুন বলেই করতে হবে। সে সময় উইকেট নেয়ার সুযোগ ছিল। আর আমি সেটাকেই কাজে লাগাতে পেরেছি।"
ব্যাটিং সহায়ক উইকেটেও দিন শেষে লাল দলের সংগ্রহ ৭ উইকেটে ২১৫। এটাকে দলের বোলারদের ভালো বোলিংয়ের সুফল বলে মনে করছেন শাহাদত। তিনি বলেন, "অবশ্যই এটা ভালো বোলিংয়ের কৃতিত্ব। ভালো বল করেছি বলেই আমরা উইকেট পেয়েছি।"
"এখন শেষের দিকের ব্যাটসম্যানরা ব্যাট করছেন। তাদের বিপক্ষে কী করে বল করতে হয় তা আমি জানি। টেস্টেও শেষের দিকের ব্যাটসম্যানদের অনেক উইকেট নিয়েছি। আশা করি লাল দলকে বুধবার দ্রুত শেষ করে দিতে পারবো," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৫ঘ.
bdnews24