২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের অর্ধশতকের পরও দুশ্চিন্তায় লাল দল

ইমরুল কায়েসের অনেক ধৈর্য্যে গড়া অর্ধশতকের পরও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে বাংলাদেশ লাল দল তেমন স্বস্তিতে নেই। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে লাল দলের সংগ্রহ ৭ উইকেটে ২১৫ রান। হাতে মাত্র ৩ উইকেট নিয়ে মুশফিকুর রহিমের দল ৬৬ রানে পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমরুল কায়েসের অনেক ধৈর্য্যে গড়া অর্ধশতকের পরও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে বাংলাদেশ লাল দল তেমন স্বস্তিতে নেই। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে লাল দলের সংগ্রহ ৭ উইকেটে ২১৫ রান। হাতে মাত্র ৩ উইকেট নিয়ে মুশফিকুর রহিমের দল ৬৬ রানে পিছিয়ে। এক প্রান্তে নাসির হোসেন ৪০ ও অন্য প্রান্তে আব্দুর রাজ্জাক ৬ রান নিয়ে ব্যাট করছেন। নাসির তার ৪৭ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য তার দিকেই তাকিয়ে আছে লাল দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবুজ দল করে ২৮১ রান। লাল দল ব্যাট করতে নামার পর নতুন বল কাজে লাগিয়ে দ্রুত তামিম ইকবাল (২) আর শুভাগত হোম চৌধুরীকে (৪) ফিরিয়ে দিয়ে সবুজ দলকে ভালো সূচনা এনে দেন শাহাদাত হোসেন। ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া লাল দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল। তবে ইমরুলের সঙ্গে ৫২ রানের জুটি গড়ার পর আউট হয়ে যান আশরাফুল (১৬)। এরপর ক্রিজে দীর্ঘ সময় থাকার ইঙ্গিত দিলেও বাজে শট খেলে ফিরে আসেন মুশফিক (২০) ও মাহমুদুল্লাহ (২১)। মুশফিকের সঙ্গে ৪০ ও মাহমুদুল্লাহর সঙ্গে ৪১ রানের দুটো মূল্যবান জুটি গড়েন ইমরুল। ইমরুল আস্থার সঙ্গেই খেলছিলেন। কিন্তু শাহাদাতকে পুল করতে গিয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে উইকেট রক্ষক সগির হোসেনের গ্লাভসে ধরা পড়েন তিনি। ইমরুলের ১৩৩ বলে খেলা ৮৫ রানের দৃঢ়তা ভরা ইনিংসটা ১৪ বাউন্ডারি ও অফস্পিনার সোহাগ গাজীকে হাঁকানো বিশাল এক ছক্কায় সাজানো। ইমরুলের বিদায়ের সময় লাল দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৪৬ রান। শেষ বিকেলে অকারণে তুলে মারতে গিয়ে সোহরাওয়ার্দী শুভ (১২) আউট হয়ে গেলে আরো বিপদে পড়ে যায় লাল দল। আলোর স্বল্পতায় খেলা আগেই শেষ হয়ে না গেলে বিপদ আরো বাড়তেও পারতো তাদের। সবুজ দলের পক্ষে শাহাদাত ৩ উইকেট নেন ৫২ রানে। ২৩ রানের বিনিময়ে তানভীর হায়দারের শিকার ২ উইকেট। এর আগে সকালের বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় দেড় ঘন্টা দেরিতে। আগের দিন শেষে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও মঙ্গলবার আর মাত্র ২৭ রান যোগ করেই শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে সবুজ দল। অপরাজিত ৯৫ রান নিয়ে ব্যাট করতে নাম নাঈম ইসলাম শতক পাননি। এমনকি আর কোনো রানও করতে পারেননি। শফিউল ইসলামের করা দিনের পঞ্চম বলেই মুশফিককে ক্যাচ দেন তিনি। আগের দিন বল না করলেও মঙ্গলবার ২ দশমিক ১ ওভারের চমৎকার স্পেলে ১০ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে দ্রুত সবুজ দলের লেজ ছেটে দেন রাজ্জাক। ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন শফিউলও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৫ঘ.