২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের কাজ এখনো শেষ হয়নি: নাফীস

বাংলাদেশ সবুজ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস মনে করছেন, শুরুতে উইকেট হারালেও দলের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন এবং দৃঢ়তা দেখিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সবুজ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস মনে করছেন, শুরুতে উইকেট হারালেও দলের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন এবং দৃঢ়তা দেখিয়েছেন। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "প্রথম সেশন বাদে বাকি দিনটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। ৬ ওভারের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানোয় আমাদের শুরুটা ছিল খুবই খারাপ। কিন্তু পরে নাঈম ইসলাম ও মমিনুল হক দলকে ভালো অবস্থানে নিয়ে যান।" "তবে কাজ এখনো শেষ হয়নি। কালকেও (মঙ্গলবার) আমাদের ভালো ব্যাট করতে হবে। তাহলে আমরাই চালকের আসনে বসবো। ক্রিজে নাঈম আছেন। তিনি অনেকক্ষণ ধরে খেলছেন। ইলিয়াস সানি আর আলাউদ্দিন বাবুও ভালো ব্যাট করেন," যোগ করেন তিনি। তিনি বলেন, "প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ায় যে কেউ ভাবতে পারতেন আমাদের ইনিংসে ধস নামতে যাচ্ছে। কিন্তু নাঈম ও মমিনুল দেখিয়েছেন বিপদ সামলেও ঘুরে দাঁড়ানো যায়। এবং শেষ পর্যন্ত তারা একটা বড় জুটি গড়ে তোলেন।" মমিনুল সম্পর্কে তিনি বলেন, "আজ (সোমবার) তিনি দারুণ ব্যাট করেছেন। গত এক-দেড় বছর ধরেই তিনি ভালো খেলছেন।" "নাঈম এক প্রান্তে ধৈর্য্যশীল ইনিংস খেলেছেন। অন্য দিকে মমিনুল রানের ঘাটতি পুষিয়েছেন," যোগ করেন তিনি। এক প্রশ্নের জবাবে নাফীস বলেন, "চাপের মধ্যে ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখিয়েছেন। বিশেষ করে নাঈম। সারা দিন ব্যাট করে ৯৫ রান করেছেন তিনি। তবে শুধু এটাকে মাথায় রাখলেই চলবে না। তাকে ২৮৯টি বলও খেলতে হয়েছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কিভাবে দীর্ঘ সময় ব্যাট করতে হয় তা তিনি আমাদের শিখিয়েছেন।" "নাঈম অনেক বড় ইনিংস খেললেও কোনো বাজে শট খেলেন নি। বাজে বল থেকেই বেশি রান করেছেন তিনি। আর ভালো বলে ঝুঁকি না নিয়ে এক-দুই করে নিয়েছেন," যোগ করেন তিনি। ম্যাচের প্রথম বলেই আউট হয়ে গেলেও পিচকে দোষারোপ করতে নারাজ নাফীস। তিনি বলেন, "প্রথম সেশনে উইকেট একটু ভেজা ছিল। পরের দিকে যেন ভেঙ্গে না যায় তা মাথায় রেখে চার দিনের ম্যাচের জন্য উইকেট তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হয় উইকেট ভালোই ছিল।" "প্রথম সেশনে পেসাররা উইকেট থেকে বেশ সহায়তা পেয়েছেন। কিন্তু পরের দিকে উইকেটে তাদের জন্য তেমন কিছু ছিল না," যোগ করেন তিনি। তিনি বলেন, "সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানদের জন্যও ব্যাটিংটা সহজ হয়ে আসে। তবে শুরুটা সব সময়ই কঠিন। প্রথম দিন বলেই নাঈমকে বেশ চাপের মধ্যে পড়তে হয়েছে। উইকেট ধরে রাখার জন্য সতর্কও থাকতে হয়েছে তাকে।" নিজের ব্যর্থতা সম্পর্কে নাফীস বলেন, "প্রথম বলেই আউট হয়ে গেছি। তাই বলার কিছু নেই। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে কিংবা কয়েকটি বল খেললে হয়তো একটা ব্যাখ্যা দিতে পারতাম।" "তবে চার দিনের ম্যাচ বলে দ্বিতীয় আরেকটি সুযোগ রয়েছে। দ্বিতীয় ইনিংসে আরো সতর্ক হয়ে খেলার চেষ্টা করবো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৮ঘ.