ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলায়। ইংল্যান্ডকে হারিয়েছে তারা ২৫ রানে। প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ হারে দশ উইকেটে।
ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো অমীমাংসিতভাবে।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের বোলারদের মাপা লেন্থের বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৩ রান তোলে তারা পাঁচ উইকেটে। রান তাড়া করতে নেমে খোঁড়াতে খোঁড়াতে শেষ পর্যন্ত ইংল্যান্ডের পালা মুখ থুবড়ে পড়ে ১৬ ওভার ৪ বলে ৮৮ রানে।
জয়ের জন্য ব্যাট করতে নেমেই দিশে হারিয়ে ফেলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। গ্যারি মাথুরিনের অফ-স্পিনের জবাব জানা ছিল না তাদের। চার ওভার বল করে ৯ রান দিয়ে তিন উইকেট নেন সেন্ট লুসিয়ার এই বোলার। অথচ ক্রিকেট দুনিয়া এতদিন তার নামই জানতো না।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৩১ রান করেন বেন স্টোকস। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে স্কট বর্থউইকের ব্যাট থেকে।
এর আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও। তাদের ভালোভাবেই উইকেটে বেঁধে রাখেন ইংল্যান্ডের বোলাররা। মারলোন স্যামুয়েলস ও জনসন চার্লস ছাড়া সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত স্যামুয়েলস অপরাজিত থাকেন ৩৫ রানে। আর ২১ রান করেন চার্লস।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ২২ রানে দুই উইকেট নেন সমিত প্যাটেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.
bdnews24