২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অভিষেকের স্বপ্ন নাসিরের

জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে ভালো খেলার পর এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন নাসির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে ভালো খেলার পর এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন নাসির হোসেন। বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে বাংলাদেশ লাল দলের হয়ে চার দিনের ম্যাচে খেলবেন নাসির। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল দলের অনুশীলন শেষে নাসির বলেন, "নিজেকে প্রমাণের কিছু নেই। ভালো খেললে টেস্ট দলে অবশ্যই জায়গা পাব। এটা সব ক্রিকেটারেরই স্বপ্ন।" "আমার জন্য সব ম্যাচই বিশেষ ম্যাচ। চার দিনের ম্যাচে ভাল খেলতে পারলে টেস্টের স্বপ্ন পূরণের দাবি জোরালো হবে। তাই এই ম্যাচ আমার জন্য বড় চ্যালেঞ্জ বলতে পারেন," যোগ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দল সম্পর্কে নাসির বলেন, "দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী। তাছাড়া সব সিরিজই এখন কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো প্রতিপক্ষ নেই।" জিম্বাবুয়েতে নিজের পারফরমেন্স নিয়ে খুশি নাসির। তবে আরও ভাল করার সুযোগ ছিল বলে তিনি মনে করেন। চার দিনের অনুশীলন ম্যাচের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নাসির বলেন, "ম্যাচ খেলা অনুশীলনের চেয়ে অনেক ভাল। চার বা পাঁচ দিন অনুশীলনের চেয়ে একটি ম্যাচ খেললে অনেক বেশি উপকৃত হওয়া যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫৪ ঘ.