ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুম্বাইয়ের বাজরে ছাড়া হচ্ছে না পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের আত্মজীবনীমূলক গ্রন্থ।
ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) প্রাঙ্গনে আখতারের বিতর্কিত বইটি বাজারে ছাড়ার জন্য রোববার যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।
ক্লাবের এক কর্মকর্তা অনুষ্ঠান বাতিলের কথা স্বীকার করেছেন। তবে কোনো কারণের কথা বলেননি তিনি।
আনুষ্ঠানিকভাবে বইটির বাজারে ছাড়ার কথা ছিল ভারতের সাবেক অধিনায়ক দিলিপ বেঙ্গসরকারের।
হঠাৎ অনুষ্ঠান বাতিল করায় গুজবের ডালপালা এরই মধ্যে ছড়িয়ে পড়া শুরু করেছে। অনেকে বলছেন, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করাই এর মূল কারণ হলেও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৬ ঘ.
bdnews24