ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার লাসিথ মালিঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তখনো হাতে ছিল ১ বল
চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে মাইক হাসির অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৫৮ রান করে চেন্নাই। জবাবে ১৯ ওভার ৫ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ১৫৯ রানে পৌঁছে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে মুম্বাই। ডেভি জ্যাকবস (১৮) ও এইডেন ব্লিজার্ড (২৮) দলকে ভালো সূচনা এনে দেন। কিন্তু দলীয় ৩৯ রানে জ্যাকবসের বিদায়ের পর ২৪ রান যোগ করতেই আরো চার উইকেট হারায় মুম্বাই।
৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মুম্বাইকে ওই অবস্থা থেকে টেনে তুলেন কিয়েরন পোলার্ড (২২) ও রাজাগোপাল সতিশ (১৪)। কিন্তু দলীয় ১০৬ রানে তারা বিদায় নিলে ম্যাচ অনেকটা চেন্নাইয়ের দিকে হেলে পড়ে।
সেখান থেকে জয় ছিনিয়ে আনেন মালিঙ্গা ও অধিনায়ক হরভজন সিং। অষ্টম উইকেটে ৫৩ রান যোগ করে দলকে খাদের কিনারা থেকে জয় এনে দেন তারা। মালিঙ্গা ৩৭ ও হরভজন ১৯ রানে অপরাজিত থাকেন। মালিঙ্গা তার ১৮ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৩টি ছয় দিয়ে।
চেন্নাইয়ের পক্ষে সুরেশ রায়না, ডোয়াইন ব্র্যাভো ও রবীচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন।
এর আগে শুরুতে মুরালি বিজয়কে (৮) হারালেও বর্তমান চ্যাম্পিয়নদের শক্ত ভিত গড়ে দেন হাসি ও সুরেশ রায়না। দলীয় ৬৩ রানে রায়না (১৮) বিদায় নিলেও অবিচল ছিলেন হাসি।
এক প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া আসা চলতে াকলেও দলকে লড়াই করার পুঁজি গড়ে দেন হাসি (৮১)। শেষ পর্যন্ত ১৯তম ওভারের দ্বিতীয় বলে চর্তু ব্যাটসম্যানদের সাজঘরে ফিরেন তিনি। তিনি তার ৫৭ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৩টি ছয় দিয়ে।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ ও আলবি মরকেল ২ রানে অপরাজিত থাকেন।
মুম্বাইয়ের পক্ষে আবু নেচিম ২ উইকেট নেন ৩৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০২ ঘ.
bdnews24