ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ দ্বি-খণ্ডিত করেছে ইংল্যান্ড। হারিয়েছে দশ উইকেটে। তখনো হাতে ছিল ২৮ বল।
লন্ডনের কেনিংটন ওভালে শুক্রবার রাতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। পুরো ২০ ওভারও খেলতে পারেনি দলটি। গুটিয়ে যায় ১৯ ওভার ৪ বলে ১২৫ রানে। রান তাড়া করতে নেমে ১৫ ওভার ২ বলে বিনা উইকেটে জয়ের লক্ষ্য ১২৬ রান টপকে ইংল্যান্ড পৌঁছে যায় ১২৮-এ।
ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন মুলত রবি বোপারা, ক্রেগ কিসওয়েটার ও অ্যালেক্স হ্যালস। প্রথমে সুইং-এর ভেল্কি দেখান মিডিয়াম পেসার রবি বোপারা। মাত্র ৩ ওভার ৪ বলে ১০ রান দিয়ে সাজঘরে ফেরত পাঠান চার ব্যাটসম্যানকে। এ পর্যন্ত এর চেয়ে বড় কোনো কিছু করে দেখাতে পারেননি ইংল্যান্ডের কোনো বোলার।
এরপর গল্পের নায়ক হয়ে ওঠেন কিসওয়েটার ও হ্যালস। ব্যাট হাতে নেমেই হেসে-খেলে রান তুলে যেতে থাকেন তারা। শেষ পর্যন্ত দু'জনই হাসতে হাসতে ফেরেন সাজঘরে। আসলেই কোনো সুযোগ দেননি তারা ওয়েস্ট ইন্ডিজের বোলার ও ফিল্ডারদের। ঘড়ির কাটায় কাটায় ৬২ মিনিটের পালার পুরো সময় কাটে তাদের বল করে। আর বলের পেছনে দৌড়ে।
জয়ের লক্ষ্য টপকানোর পথে দু'জনই আদায় করে নেন অর্ধশতক। হ্যালস করেন ৪৮ বলে ৬২ রান। তিনি তার ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কা দিয়ে।
তার সঙ্গী কিসওয়েটারও কম যাননি। ৫৮ রান করেন ৪৯ বলে। দড়ির ওপারে বল পাঠান তিনবার। এছাড়া দু'বার হাওয়ায় ভাসিয়ে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস ও ডোয়াইন স্মিথ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করেন। রচনা করে দেন বড় স্কোরের চমৎকার একটি ভিত্তি। ৫১ রান করেন তারা ছয় ওভারে।
স্মিথের বিদায়ে প্রথম ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। আর রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে ৬২ রানের মাথায় চার্লসের সাজঘরের পথ ধরার সঙ্গে সঙ্গে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৬ রান করেন তিনি। আর স্মিথের ব্যাট থেকে আসে ৩৩।
মাঝের সাড়ির ব্যাটসম্যানদের মধ্যে সুবিধা করতে পারেননি কেউ। এমন কি, পা রাখতে পারেননি দুই অঙ্কের ঘরে। তবে ব্যতিক্রম ছিলেন ড্যানজা হায়াট। বোপারার বলে স্ট্যাম্প উড়ে যাওয়ার আগে করেন ২৬ বলে ২৮।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে একই মাঠে। দিন-রাতের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০২৭ ঘ.
bdnews24