২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বল টেম্পারিং করতো পাকিস্তানের সব বোলারই: শোয়েব

পাকিস্তানের বিতর্কিত পেস বোলার শোয়েব আখতার আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি এবং তার দলের পেসাররা নিয়মিত বল টেম্পারিং করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিতর্কিত পেস বোলার শোয়েব আখতার আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি এবং তার দলের পেসাররা নিয়মিত বল টেম্পারিং করতেন। পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ দীর্ঘ দিনের। তবে শোয়েবই প্রথম ক্রিকেটার যিনি এই অভিযোগ স্বীকার করলেন। তার সদ্য প্রকাশিত আত্মজীবনীমূলক বই 'কন্ট্রোভার্সিয়ালি ইয়রস' এ তিনি লিখেছেন, "পাকিস্তানের প্রায় প্রত্যেক পেসার বল টেম্পারিং করতেন। আমি হয়ত প্রথম, যে এ ব্যাপারে মুখ খুলেছে। তবে প্রত্যেকেই এটা করতো।" "সত্যি বলতে কি, সব দেশেই বল টেম্পারিং হয়। আমরাই হয়ত শুরু করেছি, কিন্তু কোনো দেশই এখন আর নিষ্পাপ নয়। সব পেসারই আসলে এই কাজ করে। স্লো উইকেটে টিকে থাকার এটাই একমাত্র উপায়," যোগ করেন তিনি। বল টেম্পারিংয়ের দায়ে আইসিসি দুইবার নিষিদ্ধ করেছিল পাকিস্তানের 'গতি তারকা' শোয়েবকে। 'সব বলে দেওয়া' এই বইয়ে শোয়েব স্বীকার করেন, প্রথম দিকে 'প্রয়োজনে' বল টেম্পারিং করলেও পরে এটি তার 'অভ্যাসে' পরিণত হয়। ভারতের দুই মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের মান ও টেম্পারমেন্ট নিয়েও মন্তব্য করেছেন এই পাকিস্তানি বোলার। তার মতে, শচীন বা দ্রাবিড় ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন না; ম্যাচ শেষ করার দক্ষতাও তাদের নেই। শোয়েব বলেন, "ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং এবং তাদের মতো যারা ব্যাট হাতে রাজত্ব করেছেন- তারাই সত্যিকারের ম্যাচ উইনার। শচীনের বিপক্ষে বল করার প্রথম দিকেই আমি টের পাই, এই গুণ তার মধ্যে নেই। তার হয়তো অনেক রান ও রেকর্ড রয়েছে, কিন্তু তার ম্যাচ জেতানোর দক্ষতা নেই।" "বল উঠলে এবং গতি বেশি থাকলে শচীন মোটেও স্বচ্ছন্দ্য থাকতো না। সে আমার বিপক্ষে মোটেও ভালো বোধ করতো না," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৬ ঘ.