ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদির শর্ত-সাপেক্ষে অবসরের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, এটি তামাশা ছাড়া আর কিছুই নয়।
কোচ ওয়াকার ইউনুস ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় শর্ত-সাপেক্ষে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। সে সময় তিনি বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান নেতৃত্বের অধীনে তিনি আর কখনোই খেলবেন না। কিন্তু ওয়াকারের সরে দাঁড়ানোর পর আফ্রিদি আবারো মাঠে ফিরতে চান বলে জানিয়েছেন। জিম্বাবুয়ে সফর শেষে ওয়াকার কোচের পদ থেকে সরে যাবেন।
আফ্রিদির এসব কথাবার্তায় মোটেও বিস্মিত হননি জানিয়ে আকরাম বলেন, "অলরাউন্ডারের উচিত মন স্থির করা, বারবার মত বদলানো নয়।"
"আক্ষরিক অর্থেই আফ্রিদি পিসিবির জন্য সবকিছুই জটিল করে তুলছেন," যোগ করেন আকরাম, "ক্রিকেট একজনের নয়, দলীয় খেলা। দলের স্বার্থ আপনাকে দেখতে হবে।"
আফ্রিদির সমালোচনা করতে গিয়ে সাবেক ফাস্ট বোলার বলেন, আফ্রিদির উচিত ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে পেশাদার মনোভাব নিয়ে খেলা।
এ অবস্থায় তার অবসরের ঘোষণা স্রেফ একটা মজার বিষয়ে পরিণত হয়েছে বলে উল্লেখ করে সাবেক অধিনায়ক বলেন, "আপনার সঙ্গে কোচ, বোর্ড চেয়ারম্যান এবং দলের সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কিন্তু আপনার আচরণে তা ফুটিয়ে তোলা কখনো ভালো কথা নয়। দিন শেষে দেখা যাবে আপনি আপনার দেশ পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। এ কথা মনে রাখলে আপনি ভালো করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩২ ঘ.
bdnews24