ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরী করতে ২৯ সেপ্টেম্বর বৈঠকে বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চার সদস্যের কমিটি।
গত মার্চে দায়িত্ব নেয়ার পর সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ শেষে পাকিস্তান কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের আগে কোচের শূন্য আসন পূরণ করতে চাইছে পিসিবি।
পাকিস্তানের 'দ্য নেশন' পত্রিকা কমিটির প্রধান ইন্তেখাব আলমকে উদ্ধৃত করে জানিয়েছে, "২৯ সেপ্টেম্বর করাচিতে বৈঠকে বসবে কমিটি। সেখানেই সব আবেদনপত্র যাচাই করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকা তৈরী করে চূড়ান্ত বাছাইয়ের জন্য বোর্ডের কাছে পাঠিয়ে দেয়া হবে।"
ইন্তেখাব অবশ্য কোনো আবেদনকারীর নাম প্রকাশে রাজি হননি।
ধারণা করা হচ্ছে, নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান, সাবেক পেসার আকিব জাভেদ ও সাবিহ আজহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৮৩১ঘ.
bdnews24