২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিতে চূড়ান্ত পর্বে সামারসেট, হেরেও কলকাতা

কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের খেলায় ১১ রানে হারিয়ে অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে উঠেছে সামারসেট। তবে হেরেও সেরা দ্বিতীয় দল হিসেবে তার সঙ্গী কলকাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:39 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের খেলায় ১১ রানে হারিয়ে অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে উঠেছে সামারসেট। তবে হেরেও সেরা দ্বিতীয় দল হিসেবে তার সঙ্গী কলকাতা। নিজেদের দ্বিতীয় খেলায় বড় ব্যবধানে জিততে না পারার মাসুল গুনে বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হল শ্রীলঙ্কার দল রুহানার (-০.২৭৫)। কলকাতা নেট রান রেটে (-০.০২২৫) তাদের পিছনে ফেলেছে। শুক্রবার ব্যাঙ্গালোরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে পিটার ট্রেগুর অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সামারসেট। জবাবে ৮ উইকেটে ১৫৫ রানে থামে কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। ১০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান মানবিন্দর বিসলা (৮) ও অধিনায়ক জ্যাক ক্যালিস (১)। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে খেলায় ফেরানোর মুহূর্তে বিদায় নিয়ে দলকে আবারো বিপদে ফেলেন শ্রীভাটস গোস্বামী (১৪) ও মনোজ তিওয়ারী (২৭)। ৫৭ রানের মধ্যে দলের প্রথম চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কলকাতা লড়াইয়ে ফেরান রায়ান টেন ডসকেট। পঞ্চম উইকেটে ডসকেট ও ইউসুফ পাঠান ৪০ রান যোগ করেন। অবশ্য এই জুটিতে ইউসুফের অবদান কেবল ১২। বেশিক্ষণ টেকেন নি সাকিব আল হাসান। দলীয় ১২০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৩ রান। দলকে চূড়ান্ত পর্বে নেয়ার মূল কাজ করে সপ্তম উইকেট জুুটি। এ সময় রজত ভাটিয়া ও ডসকেট দ্রুত ৩০ রান যোগ করেন। জয়ের জন্য শেষ ওভারে কলকাার প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু প্রথম বলেই রজত (১৯) বিদায় নিলে হোঁচট খায় আইপিএলের দলটি। ওই ওভারের চতুর্থ বলে ডসকেট (৪৬) অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে শেষ হয়ে যায় কলকাতার ব্যবধান আরো কমানোর সুযোগ। সামারসেটের পক্ষে ভ্যান ডার মারউই ও ম্যাক ওয়ালার নেন দুটি করে উইকেট। এ জন্য দুজনই দেন ২৩ রান করে। এর আগে ব্যাট করতে নেমে ক্রিস জোনস দ্রুত ফিরে গেলেও দলকে ভালো ভিতের উপর দাঁড় করান টেগু ও মারউই। দ্বিতীয় উইকেটে ৭২ রানে মারউই (৪০) ফিরে গেলেও অবিচল ছিলেন ট্রেগু। দলের রান তখন ৯৯। শেষ পর্যন্ত ২০তম ওভারের শেষ বলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ট্রেগু (৭০)। তার ৬১ বলের ইনিংসে ৯টি চার রয়েছে। কলকাার পক্ষে জয়দেব উনাদকাত ও ব্রেট লি দুটি করে উইকেট নেন। এ জন্য উনাদকাত দেন ৩১ রান। লি ৩৪। এর আগে দিনের অন্য খেলায় কাউন্টি ক্রিকেটের দল লিস্টারশায়ারকে ৪ রানে হারায় রুহুনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২২ ঘ.