ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৩৩তম সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১১-১২ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে দুটি দল বাড়ছে। নতুন দল হিসেবে খেলবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন।
একটি টেলিভিশন চ্যানেল চালুরও উদ্যোগ নেবে বিসিবি। এ লক্ষ্যে বিসিবির মিডিয়া ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুসকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সভাপতি করা হয়েছে গাজী আশরাফ হোসেনকে লিপুকে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তও নেয়া হয়েছে এই সভায়।
বাংলাদেশের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাহিদ রাজ্জাক মাসুমকে জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি ঘরোয়া সিরিজের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে নির্বাচক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে বোর্ড সদস্যদের পরামর্শ ও সুপারিশ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
৩৯টি জেলার সহকারী কোচ নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করেছে বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫২ঘ.
bdnews24