ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে বিসিবি কাপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ 'এ' দল। লক্ষ্যে পৌঁছানোর সময় তাদের হাতে ছিলো ৬ বল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার চূড়ান্ত খেলায় টস জিতে ব্যাট করতে নেমে অলক কাপালীর অর্ধশতক সত্ত্বেও ৪৬ ওভারে ১৮৫ রানে থেমে যায় বাংলাদেশ। জবাবে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৯ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ 'এ' দল।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি 'এ' দলের। দলীয় ৬ রানের মধ্যে সাজঘরে ফিরে যান সগির হোসেন, শামসুর রহমান ও জুনায়েদ সিদ্দিক।
দলকে বিপদ থেকে টেনে তোলেন মাহমুদুল্ল¬াহ ও রকিবুল হাসান। ৬৩ রানের ধৈর্যশীল জুটি গড়ে দলকে খেলায় ফেরান তারা। দলীয় ৬৯ রানে রকিবুল (৩২) রান আউট হয়ে যান।
এরপর পঞ্চম উইকেটে মাহমুদুল্ল¬াহ ও নাদিফ চৌধুরী ৭১ রানের জুটি গড়ে আবার চাপের মধ্যে ফেলে দেন বাংলাদেশ দলকে। কিন্তু দলীয় ১৪০ রানে নাদিফ (২৬) অলক কাপালীর বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়লে আবার জয়ের আশায় উজ্জীবিত হয়ে ওঠে মুশফিকুর রহিমের দল।
অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়া অব্যাহত থাকলেও অবিচল ছিলেন মাহমুদুল্ল¬াহ। শেষ পর্যন্ত মাহমুদুল্ল¬াহ ও ফরহাদ রেজা দলকে জয় এনে দেন। মাহমুদুল্ল¬াহ ৭৮ ও ফরহাদ ২৭ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে অলক ও রুবেল দুটি করে উইকেট নেন।
এর আগে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলেন অলক কাপালী ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। ৭২ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তারা। ৭৭ বলে ১০টি চারসহ ৬৮ রানের দারুণ ইনিংস খেলা অলককে ফেরান মাহমুদুল্ল¬াহ।
অলক ফিরে যাওয়ার পর সোহরাওয়ার্দীও (২৬) বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ১৮৩ রানে তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস আর বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত ২৪ বল অব্যবহৃত থেকেই শেষ হয় তাদের ইনিংস। শেষ ৪ রানে ৪ উইকেট হারায় তারা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস বাংলাদেশকে বেশ ভালো সূচনা এনে দেন। তবে দলীয় ৩৯ রানে তামিম (১৯) আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
দলীয় ৬২ রানে ইমরুলের (২৬) বিদায়ের পর ১২ রানের ব্যবধানে মোহাম্মদ আশরাফুল (১২), শুভাগত হোম চৌধুরী (০) ও মুশফিকুর রহিম (৫) বিদায় নেন। মুশফিক মাহমুদুল্লাহ ও আশরাফুল রকিবুলের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফিরে আসেন। বেশি দূর যেতে পারেন নি নাসির হোসেনও (১২)।
'এ' দলের পক্ষে ফরহাদ রেজা ৫৪ রানে নেন ৩ উইকেট। মোহাম্মদ ইলিয়াস, সাকলায়েন সজীব ও শাহাদাত হোসেন নেন দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.
bdnews24