ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেশের মাটিতে খেলার সুবিধা নেয়া উচিৎ বলে মনে করেন তামিম ইকবাল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সাংবাদিকদের তামিম বলেন, "আমি মনে করি আমাদের দেশের মাটিতে খেলার সুবিধা নেয়া উচিৎ। দেশের মাঠে খেলার সময় বিদেশে খেলার অনুভূতি হওয়ার কোনো কারণ নেই।"
"আমরা বিদেশ সফরে গেলে কেউ তো আমাদের সুবিধামতো উইকেট বানায় না। তাহলে আমরা কেন প্রতিপক্ষের সুবিধা অনুযায়ী উইকেট তৈরি করবো," যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যেমন উইকেটে খেলে অভ্যস্ত তেমন উইকেটই বানানো উচিৎ। কিন্তু এখন যে উইকেটে খেলছি তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হলে স্বাগতিক হওয়ার সুবিধা বলে কিছু থাকবে না।"
"যেমন উইকেটে টেস্ট হবে তেমন উইকেটেই আমাদের এখন খেলা উচিৎ। এখন ঘাসের উইকেটে খেলার পর সমান উইকেটে টেস্ট খেললে কি বোকামি হয়ে যাবে না? তবে আমি নিশ্চিত চার দিনের খেলায় আমাদের টেস্টের মতো উইকেট দেয়া হবে," যোগ করেন তিনি।
বিসিবি কাপকে স্রেফ প্রস্তুতি হিসেবে দেখছেন না তামিম। তিনি বলেন, "প্রতিযোগিতামূলক খেলা হিসেবেই খেলছি আমরা। প্রত্যেকে জেতার জন্য মাঠে নামছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবে আমার কাছে এটাকে একটা ভালো প্রতিযোগিতা বলে মনে হয়েছে।"
"দলের প্রায় সব ব্যাটসম্যান রান করছেন, গত চার বছরে এমন অভিজ্ঞতা আমার হয়নি। যারাই সুযোগ পাচ্ছেন কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু হবে বলেই আশা করছি," যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তামিম বলেন, "প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগের পর তরুণ ক্রিকেটারদের পাদপ্রদীপের আলোয় আনার জন্য বিসিবি কাপ একটি ভালো উদ্যোগ হতে পারে। এখানে কোনো তরুণ ভালো করলে তার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। প্রতি বছর অক্টোবর বা নভেম্বরে বিসিবি কাপের আয়োজন করা যেতে পারে।"
তামিম কথা বলেছেন গত বছর দলের পক্ষে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল কায়েসকে নিয়েও। জিম্বাবুয়ে সফর থেকে রানের মধ্যে নেই ইমরুল। এ ব্যাপারে তামিম বলেন, "ইমরুল কায়েস কঠিন সময় পার করছেন। তবে আমরা সবাই জানি তিনি কেমন খেলোয়াড়। তার সামর্থ্য নিয়ে দলের কারো বা নির্বাচকদের কোনো সন্দেহ নেই। তার ওপর সবার আস্থা রয়েছে।"
"আমি মনে করি তিনি নিয়মিত খেলতে থাকলে অবশ্যই ফর্মে ফিরবেন। আসলে একটা ভালো ইনিংসই সব পাল্টে দিতে পারে। তাকে আরো সময় দেয়া উচিৎ," যোগ করেন তিনি।
তিনি বলেন, "আমার লক্ষ্য থাকে তাকে (ইমরুলকে) যত বেশি সম্ভব সাহায্য করা। শুধু আমি একা নই, দলের সবাই তাকে সাহায্য করছে।"
"আমরা তাকে সহায়তা না করলে তিনি বাদ পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে তাকে আবার নতুন করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে হবে," যোগ করেন তিনি।
তামিম বলেন, "উদ্বোধনী জুটি হিসেবে আমরা বেশ সফল। তার সঙ্গে খেলতে আমি পছন্দ করি। আমার মনে হয় তিনিও সেটা উপভোগ করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০০ঘ.
bdnews24