ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ খেলার আগে বাংলাদেশের প্রস্তুতি ভালো হচ্ছে বলে মনে করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে বিসিবি কাপের পঞ্চম ম্যাচ শেষে রোববার শের-ই-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, "ওয়েস্ট ইন্ডিজের মূল শক্তি পেস আক্রমণ। তাদের মুখোমুখি হওয়ার আগে মিরপুরের এই উইকেটে প্রস্তুতি দারুণ কাজে আসবে আমাদের।"
তিনি বলেন, "আমরা যে উইকেটে খেলছি তা শের-ই-বাংলার অন্যতম সেরা। এখানে ব্যাটসম্যান, পেসার ও স্পিনার সবাই সহায়তা পাচ্ছেন।"
"এরকম উইকেটে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়া অনেক সহজ হবে। উইকেটে ঘাস থাকায় পেস ও বাউন্স দুটোই আছে," যোগ করেন তিনি।
তিনি বলেন, "এখানে পেসারদের বিপক্ষে খেললে এবং রান পেলে আত্মবিশ্বাস পাওয়া যাবে। আমার মনে হয় এখন পর্যন্ত ব্যাটসম্যানরা ভালোই করছে।"
ভালো করছেন মুশফিক নিজেও। জিম্বাবুয়ে সফর থেকে তার ব্যাটে রানের ধারা। এ ব্যাপারে তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরের আগে প্রস্তুতি ভালো ছিল। সে সময় কঠোর পরিশ্রম করেছিলাম। এর পর জিম্বাবুয়েতেও ভালো করায় আত্মবিশ্বাস পেয়েছি।"
"সেখানে উইকেট তেমন সহজ ছিল না," যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিজের ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করছি। নেটে অনেক সময় কাটাচ্ছি। এগুলোই মাঠে কাজে এসেছে। অমি ভালো করছি, দলও ভালো করছে। সব মিলিয়ে নিজের ব্যাটিং নিয়ে আমি খুশি।"
প্রথম দুই ম্যাচে মুশফিক দলকে নেতৃত্ব দিলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল খেলে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে। এ ব্যাপারে তিনি বলেন, "অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। আমি তাকিয়ে আছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের দিকে। তার প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টটা খেলছি।"
"অধিনায়কত্ব কখনো পেলে তার প্রতিক্রিয়াটা পরেই বোঝা যাবে। তবে আমি নিজের প্রতি সৎ, সব সময় শতভাগ দিয়ে এসেছি। কেউ না কেউ তো অধিনায়ক হবেই। এ নিয়ে খুব বেশি কিছু ভাবছি না," যোগ করেন তিনি।
বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে অর্ধশতকের পর একাডেমি দলের বিপক্ষেও পেলেন হার না মানা অর্ধশতক। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১০২ রান তুলে বাংলাদেশ। এ ব্যাপারে তিনি বলেন, "ম্যাচের দৈর্ঘ্য কম হওয়ায় যেভাবেই হোক দু শর ওপর রান করার লক্ষ্য ছিল আমাদের।"
"আশরাফুল ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। প্রথম দিকে অনেক বেশি উইকেট পড়ে যাওয়ায় আমরা একটা জুটি গড়ে তোলার ব্যাপারে কথা বলি। কথা ছিল শেষ পর্যন্ত যিনি থাকবেন তিনিই আক্রমণাত্মক খেলবেন," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৬ঘ.
bdnews24