ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে সব খেলায় হারার জন্য ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করলেন সাবেক অধিনায়ক কপিল দেব।
আজ তাক টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, মাসের পর মাস ধরে মহেন্দ্র সিং ধোনিদের পক্ষে যে একটানা খেলে যাওয়া সম্ভব নয়, সে কথা বোর্ডকে তাদের জানিয়ে দেয়া উচিত।
ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের সবগুলোতেই ভারত হার মেনেছে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। জিততে পারেনি প্রস্তুতি খেলা ছাড়া প্রতিযোগিতামূলক একটি খেলাতেও।
"বিসিসিআইয়ের বোঝা উচিত সারা বছর একটানা খেলে যাওয়ার মতো শারীরিক অবস্থা আমাদের খেলোয়াড়দের নেই। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমাদের এত বেশি খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন যে, যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে," বলেন সাবেক অল-রাউন্ডার।
তিনি বলেন, "একজন খেলোয়াড় সারা বছরে সর্বোচ্চ কয়টি ম্যাচ খেলতে পারেন-বোর্ড ও ক্রিকেটাররা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে, এ ব্যাপারে অভিজ্ঞ কোনো পেশাজীবী তা ঠিক করে দিতে পারেন।"
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের খেলোয়াড়দের বিশ্রাম দেয়া দরকার ছিল বলে তিনি মনে করেন।
দলের দুর্বলতাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "ইংল্যান্ডের পরিবেশে চার বোলারকে দিয়ে আপনি কিভাবে ৯০ ওভার বল করাতে পারেন? আগে দলের অবস্থা অন্য রকম ছিল। বোলার হিসেবে ব্যবহার করা যেতো শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে।"
'তবে এখন তা সম্ভব নয়। তাই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন করা উচিত সেখানকার পারিবেশের কথা মাথায় রেখে," পরামর্শ কপিল দেবের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২১ ঘ.
bdnews24