ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার কার্ডিফে একদিনের সিরিজের শেষ খেলায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের আশা, এই ম্যাচেও জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে স্বাগতিকরা।
এবারের ইংল্যান্ড সফর একদমই ভালো কাটছে না ভারতের। টেস্ট সিরিজের চার ম্যাচেই হেরে গেছে তারা। ওয়ানডে সিরিজেও একটি ম্যাচও জিততে পারেনি।
অবশ্য লর্ডসে অনুষ্ঠিত চতুর্থ একদিনের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত টাই করেছে অতিথিরা। তার আগের ম্যাচটি ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আশাবাদী হলেও তাই শেষ ম্যাচের আগে ভীষণ সতর্ক কুক বলছেন, "সর্বশেষ দুটো ম্যাচে তীব্র লড়াই হয়েছে। এ থেকেই বোঝা যায় ভারতীয় দল কতটা প্রতিভাসম্পন্ন। শেষ ম্যাচে জেতার জন্য আমাদের তাই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। আমরা চাই সেরা একদিনের দল হিসেবেই মৌসুমটা শেষ করতে।"
ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুম নিয়ে কুক অবশ্য সন্তুষ্ট। ভারতের আগে শ্রীলঙ্কাকেও ৩-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
তৃপ্ত কুক তাই বলতে পারছেন, "শুরুটাকে ভালোই বলতে হবে। খেলোয়াড়রা অধিনায়ক হিসেবে আমাকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমি খুশি। দুটো সিরিজ জিতে আমি আনন্দিত। আমরা ভালোমতোই জানি ভারতে ফিরতি সিরিজ খেলতে হবে বলে আগামী দুই মাস কতটা কঠিন যাবে আমাদের। তবে আমাদের দল সবসময়ই কঠিন পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে।"
কুকের দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে দল আরো ভালো খেলতে সক্ষম। তিনি বলেন, "তরুণদের নিয়ে গড়া আমাদের দলটা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সিরিজেই আমরা কয়েক বার চাপের মুখে পড়েছিলাম। কিন্তু তারপরও ঠিকই জিতেছি। এটা দারুণ উৎসাহব্যাঞ্জক।"
শুক্রবার ৩৪৪তম ও জীবনের শেষ একদিনের ম্যাচ খেলতে নামা রাহুল দ্রাবিড়েরও প্রশংসা করেছেন কুক। ভারতের এই প্রতিভাবান ব্যাটসম্যানকে সম্মান জানিয়ে তিনি বলেন, "তিনি দুই ধরনের ক্রিকেটেই দশ হাজারের ওপরে রান করেছেন। সব ধরনের পিচে নিজেকে মানিয়ে নেয়ার দুর্দান্ত ক্ষমতা আছে তার। এক কথায় তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিএ/২২০০ ঘ.
bdnews24