২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিশ্রমের সুফল পেয়ে খুশি নাঈম

স্বস্তিকর শতক পেয়ে, দীর্ঘদিন রান না পাওয়ার যন্ত্রনা থেকে মুক্তি পেয়ে দারুণ খুশি নাঈম ইসলাম। বিসিবি কাপে জাতীয় দলের বিপক্ষে খেলা শেষে তাই হাসি মুখে সংবাদ মাধ্যমের সামনে এসে দাঁড়ান তিনি। নাঈম জানান, অপরাজিত ১০১ রান তার অনেক দিনের পরিশ্রমের ফসল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বস্তিকর শতক পেয়ে, দীর্ঘদিন রান না পাওয়ার যন্ত্রনা থেকে মুক্তি পেয়ে দারুণ খুশি নাঈম ইসলাম। বিসিবি কাপে জাতীয় দলের বিপক্ষে খেলা শেষে তাই হাসি মুখে সংবাদ মাধ্যমের সামনে এসে দাঁড়ান তিনি। নাঈম জানান, অপরাজিত ১০১ রান তার অনেক দিনের পরিশ্রমের ফসল। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ সিরিজে জাতীয় দলে সুযোগ পাননি। তবে নাঈমের দাবি জাতীয় দলে ফেরার কথা ভেবে খেলছেন না তিনি। সবসময় নিজের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতা নিয়ে ভাবি না। যে জায়গাতেই খেলি না কেন, চেষ্টা থাকে ভালো খেলার। আল্লাহর অশেষ রহমত আজ (বৃহস্পতিবার) ভালো খেলেছি।" শতক পাওয়ার পর কেমন লেগেছিল প্রশ্নের জবাবে নাঈম বলেন, "ভালো লেগেছে। অনেক দিন ধরে পরিশ্রম করছি। তার সুফল পেলাম আজকে।" বৃষ্টির কারণে লক্ষ্য কঠিন হয়ে পড়ায় অনেক চেষ্টা করেও 'এ' দলকে জয় এনে দেয়া সম্ভব হয়নি নাঈমের পক্ষে। হতাশ কণ্ঠে তাই তিনি বলেন, "আমি চেষ্টা করেছি দলকে জয় এনে দিতে। বৃষ্টির কারণে বল কমেছে ৬৬ আর রান কমেছে ৪০। আসলে বৃষ্টিই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টি না হলে খেলাটা আরো ভালো হতো।" 'এ' দল ৩৬ রানে হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নাঈম। পুরস্কারটা তার হাতে তুলে দিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান ও নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৫ঘ.