২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের শতকের পরও এ দলের হার

নাঈম ইসলামের অপরাজিত শতকও জেতাতে পারলো না বাংলাদেশ এ দলকে। বিসিবি কাপে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বাংলাদেশ দলের কাছে হার মানে তারা ৩৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাঈম ইসলামের অপরাজিত শতকও জেতাতে পারলো না বাংলাদেশ এ দলকে। বিসিবি কাপে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বাংলাদেশ দলের কাছে হার মানে তারা ৩৬ রানে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে এ দল ব্যাট করতে পাঠায় বাংলাদেশ দলকে। উপরের সারির চার ব্যাটসম্যানের অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে তারা রান করে ৩১১। এ দলের রান তাড়া করার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় জয়ের জন্য নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৯ ওভারে ২৭১ রান। কিন্তু ৮ উইকেটে ২৩৪ রানে থেমে যায় তাদের পালা। জয়ের জন্য ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে জহুরুল ইসলাম ৭ ও রকিবুল হাসান কোনো রান না করে বিদায় নিলে বিপদে পড়ে 'এ' দল। এ অবস্থায় হাল ধরেন জুনায়েদ সিদ্দিক ও নাঈম। দলকে বিপদ থেকে টেনে তুলতে না তুলতে ৯৬ রানের মাথায় সাজঘরের পথ ধরেন জুনায়েদ (৪৫)। এরপর মাহমুদুল্লাহ'র (৩০) সঙ্গে ছোট্ট একটি জুটি গড়েন নাঈম। মাহমুদুল্লাহ যখন বিদায় নেন তখন ১১ ওভারে প্রয়োজন ১১৯ রান। তখন জয় বলতে গেলে বাংলাদেশ দলের হাতের মুঠোয়। কিন্তু একটা প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল, শতক পাবেন তো নাঈম? শতক আদায় করে নিলেন নাঈম তার মতো করে। দুই ওভার যখন বাকি, তখন নাঈমের রান ৮৬। ৩৮তম ওভারে বল করতে এলেন সোহরাওয়ার্দী শুভ। ওই ওভারে নাঈম তুলে নেন ১৩ রান। শেষ বলে এক রান নিয়ে শতকের আশায় চলে গেলেন স্ট্রাইকিং প্রান্তে। শেষ ওভারে নাজমুলের প্রথম বলটা ঠেলে দিয়েই পরিমরি দৌড় লাগালেন তিনি। সেই সঙ্গে মেতে উঠলেন উল্লাসে। শতক হাঁকানোর পথে তিনি খেলেন ৯৮ বল। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৩ উইকেট নেন ৩৮ রানে। ৪৪ রানে ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক। প্রথমে ব্যাট করতে নেমেই দ্রুত রান তুলতে থাকেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস। ২১ ওভার ৪ বলে ১১৮ রান তোলেন তারা। তামিম বিদায় নেন ৬৫ রান করে। তিনি তার ৬৭ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। দলের সঙ্গে ৭ রান যোগ হওয়ার পর বিদায় নেন নাফীস। তার ৭৬ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা রয়েছে। এই দু'জন বিদায় নিলেও ওভার প্রতি রান তোলার হার কমেনি। বরং তার মাত্রা বাড়িয়ে দেন মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক মুশফিকুর রহীম। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭২ বলে ৮৩ রান করেন আশরাফুল। ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মুশফিক ৬১ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৬৩ রান। এছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। মাহমুদল্লাহ ৪ উইকেট নেন ৭৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৯ ঘ.