ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের খেলায় সহজেই জিতেছে পাকিস্তান। ২৮ রানে হারিয়েছে তারা স্বাগতিকদের।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার টস জিতে জিম্বাবুয়ে ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। নির্ধারিত ৫০ ওভারে ইউনুস খান ও আসাদ শফিকের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৭০ রান করে তারা। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ের পালা থেমে যায় ৯ উইকেটে ২৪২ রানে।
তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দু'টিতেও হার মানতে হয়েছে জিম্বাবুয়েকে। এর আগে একমাত্র টেস্টেও জিতেছে পাকিস্তান।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৬ সেপ্টেম্বর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্ত ভিত্তি রচনা করে দেন জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও চামু চিভাভা। তারা যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে পাকিস্তানকে।
দলীয় ১১০ রানের মাথায় প্রথম ব্যাটসম্যান হিসেবে সিবান্দার বিদায়ের পর পথ হারিয়ে ফেলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত আর পথে ফেরা হয়ে ওঠেনি তাদের।
সিবান্দা ৫৯ রান করেন ৭৬ বলে। তিনি তার ইনিংসটি সাজান পাঁচটি চার ও একটি ছক্কা দিয়ে।
কিন্তু দলীয় ১২০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চিভাভা ৬২ রান করে। তার ৮৮ বলের ইনিংসে চার রয়েছে সাতটি।
এছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও হ্যামিল্টন মাসাকাদজা (২১), তাতেন্দা তাইবু (২৭) ও ম্যালকম ওয়াকার (১৯) শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তাদের কেউই ইনিংসকে বড় করতে পারেননি।
পাকিস্তানের পক্ষে আইজাজ চিমা ৪ উইকেট নেন ৪৩ রানে। ৫১ রানে ২ উইকেট নেন ইয়াসির শাহ।
সকালে শুরুটা মোটামুটি ভালোই করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ইমরান ফারহাতের সঙ্গে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ হাফিজ (২৩)।
দলীয় ৭৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান ফারহাত (৩৭)।
এরপর আসাদ ও ইউনুস মিলে গড়ে তোলেন ৯৭ রানের জুটি। সেই সঙ্গে দলকে এগিয়ে নেন বড় স্কোরের পথে। ৯০ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮১ রান করেন ইউনুস। আর আসাদের ব্যাট থেকে আসে ৫১ রান।
শেষ দিকে অধিনায়ক মিসবাহ-উল হক (অপরাজিত ২৯) ও উইকেটরক্ষক আদনান আকমল (অপরাজিত ২৪) জ্বলে ওঠায় স্কোর বোর্ডে বড় রান জমা করে পাকিস্তান।
জিম্বাবুয়ের পক্ষে এলটন চিগুম্বুরা ২ উইকেট নেন ৩৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/২১৩৩ ঘ.
bdnews24