ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ভারত সফরে যাবে। তবে অবশ্যই শর্ত সাপেক্ষে।
শর্তটি হলো ভারতকেও পাকিস্তান আয়োজিত সিরিজে খেলতে হবে। এমন কি, নিরপেক্ষ মাঠেও ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের আপত্তি নেই বলে তিনি জানান।
পিসিবি প্রধান জানান, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ আবার চালু করতে তিনি আগ্রহী। তবে তার আগে এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে।
পিসিবি এরই মধ্যে নিরপেক্ষ মাঠ হিসেবে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাড়া দেয়নি।
আগামী বছর পাকিস্তানের ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে একটি সংবাদ মাধ্যমকে ইজাজ বাট বলেন, "আইসিসির ভবিষ্যত সফর সূচী অনুযায়ী তারা (ভারত) আমাদের সঙ্গে খেলতে রাজি হলে আমরা অবশ্যই ওদের দেশে খেলতে যাবো।"
"আমরা এরই মধ্যে নিরপেক্ষ জায়গা হিসেবে বিসিসিআইর কাছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছি। তবে ওরা (বিসিসিআই) আমাদের সঙ্গে এ ব্যাপারে এখনো আলোচনা করেনি। যত দিন পাকিস্তান আয়োজিত সিরিজ ওরা খেলবে না ততো দিন আমরাও ভারতের সঙ্গে খেলবো না," স্পষ্ট জানিয়ে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/২০৩৭ ঘ.
bdnews24