২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াদ

জিপি-বিসিবি একাডেমি দলকে ৫৬ রানে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমি দলকে ৫৬ রানে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। এ নিয়ে বিসিবি কাপে দুই খেলাতেই হার মানলো একাডেমি দল। তবে প্রথম খেলার মতো অসহায় আত্মসমর্পণ করেনি তারা। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন একাডেমি দলের অধিনায়ক মাহমুদুল হাসান। ব্যাট করতে নেমে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২০৭ রান করে 'এ' দল। জবাবে ৪৩ ওভার ৩ বলে ১৫১ রানে গুটিয়ে যায় একাডেমি দল। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই আবুল মজিদকে (৪) হারালেও প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তাসামুল হক ও মমিনুল হক। কিন্তু দলীয় ৫২ রানের মাথায় মমিনুল (১৯) ও ৬০ রানের মাথায় তাসামুল (২৫) বিদায় নিলে আবারো বিপদে পড়ে একাডেমি দল। রানের খাতা খোলার আগেই তানভির হায়দার তাসামুলকে অনুসরণ করলে একেবারে খাদে পড়ে যায় তারা। আর উঠতে পারেনি দলটি সেই খাদ থেকে। শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি আনামুল হক ২৪ ও সোহাগ গাজী ২০। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩০ রান আসে মাহমুদুলের ব্যাট থেকে। দলীয় ১৪৫ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাহমুদুলের বিদায়ের পর ৬ রান যোগ হতেই শেষ তিন উইকেট হারিয়ে বসে একাডেমি দল। এ দলের পক্ষে রিয়াদ, সৈয়দ রাসেল, ইলিয়াস সানি ও ফরহাদ রেজা দু'টি করে উইকেট নেন। এর আগে শুরুটা ভালো হয়নি 'এ' দলেরও। ৪৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে জুটিতে রিয়াদ ও নাঈম ইসলাম ৪২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ৯০ রানের মাথায় বিদায় নেন নাঈম (১৭)। দলীয় ১৫০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান রিয়াদ (৫৪)। তার ৬৯ বলের ইনিংসে ৬টি চার রয়েছে। শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি শামসুর রহমান ১৮ ও নাদিফ চৌধুরী ২৪। শেষ বলে রান আউট হওয়ার আগে ২৫ রান করেন সানি। একাডেমি দলের পক্ষে আলাউদ্দিন ৩ উইকেট নেন ৫১ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২১ ঘ.