ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা একদিনের দলের নেতৃত্বে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনিই একমাত্র খেলোয়াড়, যিনি টানা চার বছর এই দলে জায়গা পেলেন।
বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ সিং, সর্বোচ্চ উইকেট শিকারী জহির খান ও উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগও রয়েছেন এই দলে।
বিশ্বকাপ রানার্সআপ শ্রীলঙ্কার তিন খেলোয়াড় রয়েছেন দলে। তারা হলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিলকারতেœ দিলশান, সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও পেসার লাসিথ মালিঙ্গা (দ্বাদশ ব্যাক্তি)।
দক্ষিণ আফ্রিকা দলের রয়েছেন দু'জন-একদিনের ক্রিকেট দলের নতুন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও পেসার ডেল স্টেইন। পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন উমর গুল।
অন্য দুই খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ও ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান।
২০১০ সালের ১১ অগাস্ট থেকে ২০১১ সালের ৩ অগাস্ট পর্যন্ত খেলোয়াড়দের 'পারফর্মেন্স' বিবেচনা করে এই একাদশ গঠন করেছে আইসিসির একটি কমিটি। ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন পল অ্যাডামস, মাইক গ্যাটিং, ড্যানি মরিসন ও জহির আব্বাস।
দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), যুবরাজ সিং, জহির খান, বীরেন্দর শেবাগ, তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, উমর গুল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন ও লাসিথ মালিঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৩ ঘ.
bdnews24