ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও ইংল্যােেন্ডর বিপক্ষে টেস্ট সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করবে না পাকিস্তান।
তবে একদিনের খেলায় ডিআরএস ব্যবহার করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি কর্মকর্তা সুবহান আহমেদ পিটিআইকে বলেন, "টেস্টে ডিআরএস ব্যবহারের ব্যাপারে টেন স্পোর্টসের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি পিসিবি। তবে নীতিগতভাবে আমরা টেস্ট ও একদিনের খেলায় ডিআরএস ব্যবহারের পক্ষে।" খেলাগুলো সরাসরি দেখানোর কথা টেন স্পোর্টসে।
গত জুনে হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) টেস্ট ও একদিনের খেলায় ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়।
তবে ডিআরএস ব্যবহারের খরচ কে বহন করবে তা নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
সুবহান বলেন, "আমরা চাই যে চ্যানেল সরাসরি খেলা দেখাবে তারাই এই খরচ বহন করুক।"
অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।
আগামী বছরের জানুয়ারি-ফেব্র"য়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও চারটি একদিনের ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24