ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীমের কাঁধেই জাতীয় দলের দায়িত্ব তুল দেয়া উচিৎ বলে মনে করছেন রকিবুল হাসান।
বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, "জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য এ মুহূর্তে সবচেয়ে এগিয়ে মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা ছাড়া আর কারো তেমন সম্ভাবনা দেখি না। তবে আমি মনে করি রিয়াদের চেয়ে মুশফিক একটু এগিয়ে।"
নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে তিনি আরো বলেন, "এগারো সদস্যের দলে যার জায়গা পাকা তারই অধিনায়ক হওয়া উচিৎ। এছাড়া সামনে থেকে নেতৃত্ব দেয়াসহ অন্যান্য গুণাবলী তার আছে কী না তাও দেখতে হবে।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য দ্রুত নতুন অধিনায়ক বেছে নেয়া উচিৎ বলেও মনে করছেন রকিবুল। তিনি বলেন, "আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে নতুন অধিনায়ক নির্বাচন করা উচিৎ। এতে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য দল গুছিয়ে নেয়ার জন্য যথেষ্ট সময় পাবেন।"
"দলটিকে একতাবদ্ধ করার জন্য অধিনায়কের সময় প্রয়োজন। নতুন কোচের সঙ্গে বোঝা পড়াও এই সময়ের মধ্যে করে নিতে হবে। তাছাড়া দলে সাকিব ও তামিম থাকবেন। তাদের সঙ্গে পুরো দলকে এক এক সুতোয় আনার বাড়তি চাপ থাকবে তার উপর," যোগ করেন তিনি।
তিনি বলেন, "সা¤প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বাজে সিরিজ কেটেছে জিম্বাবুয়েতে। এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড সভায় অধিনায়ক ও সহ-অধিনায়ককে সরিয়ে দেয়া সিদ্ধান্ত নেয়া হয়। এতেই বোঝা যায় জিম্বাবুয়েতে অনেক কিছু ঠিকঠাক মত হয়নি।"
যদিও সাকিব-তামিমের সঙ্গে কিছুটা নিষ্ঠুর আচরণ করা হয়েছে বলে মনে করেন রকিবুল, বলেন, "অধিনায়ক পরিবর্তন হবে এটা একটা নিয়ম। আগেও এমন হয়েছে। কিন্তু সাকিব ও তামিমের বিদায় ভালো হয়নি। তাদের আরো ভালো ভাবে বিদায় জানানো যেত। একজন অধিনায়ক গড়ে উঠেন। অধিনায়ক বাজারে কিনতে পাওয়া যায় না।"
হারের জন্য কী শুধু অধিনায়ক ও সহ-অধিনায়কই দায়ী প্রশ্ন রেখে তিনি আরো বলেন, "আমরা খুব আবেগপ্রবণ। কিন্তু ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন আবেগপ্রবণ হবে। তাদের ক্রিকেটের স্বার্থে কাজ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১২ ঘ.
bdnews24