ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপকে সামনে রেখে বাংলাদেশ দল ও বাংলাদেশ 'এ' দল অনুশীলন শুরু করেছে।
বাংলাদেশ দল, 'এ' দল ও জাতীয় ক্রিকেট একাডেমি দলকে নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে দ্বৈত লিগ পদ্ধতিতে বিসিবি কাপ শুরু হবে। প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ দল ও একাডেমি দল। সব খেলা হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চূড়ান্ত খেলা হবে ২১ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে বাংলাদেশ দল। সকালে বৃষ্টি হওয়ায় তারা মাঠে অনুশীলন করতে পারেন নি। জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল'য়ের তত্ত্ব¡াবধানে ট্রেনার গ্রান্ট লুডেনের অধীনে অনুশীলন করেন তারা।
দুপুর দুইটা থেকে সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন শুরু করে বাংলাদেশ 'এ' দল। জাতীয় ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠে এসেই শিষ্যদের নিয়ে সেন্টার উইকেটে কাজ শুরু করেন ইমরান। তাদের অনুশীলন পর্ব চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ বলেন, "এখন থেকে প্রতিবছর বিসিবি কাপ অনুষ্ঠিত হবে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হওয়ায় আমরা প্রস্তুতির জন্য সুযোগটা নিয়েছি।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শিগগিরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন বোলিং কোচ। আজ সকালেই স্টুয়ার্ট ল'য়ের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। এখন অল্প কিছু কাজ বাকি আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯৩৪ ঘ.
bdnews24