২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিচ্ছে না পাকিস্তান

সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়েকে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়েকে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে পাকিস্তান। দেশটির কোচ, অধিনায়ক ও নির্বাচকরা জিম্বাবুয়েকে অনেক পরিণত দল মনে করছেন। নিজেদের শেষ সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে হারিয়ে শক্তির প্রমাণ এরই মধ্যে দিয়েছে ব্রেন্ডন টেলরের দল। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষ দুই খেলায় হারলেও জিম্বাবুয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রথম তিন খেলায় মূলত ব্রায়ান ভিতোরির কাছে হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও জিম্বাবুয়ের প্রধান অস্ত্র হতে পারেন তিনিই। একমাত্র টেস্টে পাকিস্তানের ব্যাটসম্যানরা অবশ্য বেশ ভালোভাবেই খেলেন তাকে। শুরুতেই পাল্টা আঘাত হানায় একটু এলোমেলো হয়ে যায় ভিতোরির লাইন ও লেঙ্থ। সেই সুযোগে বেশ কিছু সহজ রান পেয়ে যায় সফরকারীরা। তবে ছন্দ ফিরে পেলে ভিতোরিকে সামলানো কঠিন হবে। ক্রিস্টোফার এমপোফু ও কাইল জার্ভিসও ছন্দে রয়েছেন। পুরনো বলে এমপোফু উইকেট নিয়ে পাকিস্তানকে বিপদে ফেলতে পারেন। টেস্টে রে প্রাইস ও গ্রেগ ল্যাম্বকে ভালোভাবে খেলতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। উইকেট কম পেলেও প্রাইসের বিপক্ষে রান তুলতে রীতিমত কসরত করতে হয় তাদের। একদিনের সিরিজে খেলবেন প্রসপার উৎসেয়া। সীমিত ওভারের ক্রিকেটে উৎসেয়ার বিপক্ষে রান তোলা খুব সহজ হবে না। ব্যাটসম্যানরাও স্বপ্ন দেখাচ্ছেন স্বাগতিকদের। উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা বেশ ছন্দে আছেন। রান পাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর ও তাতেন্দা তাইবু। উপরের সারির ব্যাটসম্যানরা রানের মধ্যে থাকায় বলতে গেলে প্রতিটি খেলায় জিম্বাবুয়ের শুরুটা ভালোই হচ্ছে। তবে টেস্টের মতো একদিনের সিরিজেও জেতার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। দলটির ব্যাটিং বেশ শক্তিশালী। রানের মধ্যে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। বল হাতেও আলো ছড়াচ্ছেন তিনি। মাঝের সারিতে ইউনুস খান, মিসবাহ-উল-হকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন। রয়েছেন উমর আকমলের মতো মারকুটে ব্যাটসম্যানও। মরা উইকেটেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন পাকিস্তানের পেসাররা। তবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারেন সাঈদ আজমল। পাকিস্তানকে আটকাতে স্পিন সহায়ক পিচ তৈরি করলে তিনি একাই ব্যবধান গড়ে দিতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৮ ঘ.