২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গলের উইকেটে সমস্যা ছিল না: ধর্মদাসা

গলের উইকেটে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান উপালি ধর্মদাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গলের উইকেটে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান উপালি ধর্মদাসা। কলম্বোয় বুধবার তিনি বলেন, "আমার মতে পিচটি মোটেও ভয়ঙ্কর ছিল না। কেউই তো আহত হননি। তারপরও আশা করছি আগামী সপ্তাহের মধ্যে উইকেটটি খতিয়ে দেখার ব্যবস্থা করতে পারবো।" ধর্মদাসা যুক্তি দিয়ে বলেন, "ওই খেলায় ৮০০-এর বেশি রান এসেছে। এছাড়া শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ১০৫ ও অস্ট্রেলিয়ার মাইক হাসি ৯৫ রান করেন।" "যেখানে শেষ দিনে আমাদের একজন ব্যাটম্যান শতক ও অন্যজন ৯৫ রান করেন, সেখানে কোন যুক্তিতে উইকেটকে দোষ দেয়া হচ্ছে," উল্টো প্রশ্ন রাখেন তিনি। গল টেস্টে প্রথম পালায় মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এর জন্য দলের দুর্বল ব্যাটিংকেই দায়ী করেছেন বোর্ড প্রধান। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জেতে ১২৫ রানে। খেলায় ৪০ উইকেটের বিনিময়ে ওঠে ৮৪১ রান। খেলা হয় ২৮৯ ওভার ৫ বল। ৪০ উইকেটের মধ্যে ১৬টি পড়ে দ্বিতীয় দিনে। খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রড গলের পিচকে 'খারাপ' অভিহিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইসিসি গলের পিচ খতিয়ে দেখার ঘোষণা দেয়। সেই সঙ্গে ব্রডের প্রতিবেদনটির একটি কপি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে ১৪ দিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলে। তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বৃহস্পতিবার পাল্লেকেলেতে। প্রথমটি জিতেছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪০ ঘ.