ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে দেশে ফিরে যাওয়া শচীন টেন্ডুলকারের জায়গায় দলে ডাক পেয়েছেন চেন্নাইয়ের ব্যাটসম্যান সুব্রামানিয়াম বদ্রিনাথ।
ইংল্যান্ড সফরে চোটের কারণে দেশে ফিরে যাওয়া ভারতের ক্রিকেটারদের তালিকাটি দিন দিন লম্বা হচ্ছে। তালিকায় সর্বশেষ সংযোজন শচীন টেন্ডুলকার। এর আগে ইংল্যান্ড সফরের বিভিন্ন পর্যায়ে চোটের কারণে আরো সাতজন ক্রিকেটার দেশে ফিরে যান। তারা হলেন, জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং, ইশান্ত শর্মা, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও রোহিত শর্মা।
পায়ের আঙ্গুলের পুরনো চোটই নতুন করে বিপদে ফেলেছে শচীনকে। ওই চোটের কারণে চেস্টার লি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচে খেলা হয়নি তার।
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর জানা যায়, সম্পূর্ণ সুস্থ হতে শচীনের চার থেকে ছয় সপ্তাহ লাগবে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে খেলা হচ্ছে না শচীনের। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে অনুজ্জ্বলই ছিলেন শচীন। চার টেস্টে আট ইনিংসে ৩৪.১২ গড়ে করেন ২৭৩ রান। সর্বোচ্চ ৯১।
একদিনের সিরিজে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল বলেন, "টেন্ডুলকারকে হারানোটা দলের জন্য বড় ক্ষতি। তবে তরুণ খেলোয়াড়দের জন্য নিজেকে প্রমাণ করার এটা একটা সুযোগও বটে।"
এ বছর জুন ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বদ্রিনাথের। তিন ম্যাচের তার রান ৩৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০৩২ ঘ.
bdnews24