ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের চলমান ইংল্যান্ড সফরে অষ্টম খেলোয়াড় হিসেবে মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। কারণ ওই একটাই চোট।
পায়ের আঙ্গুলের পুরনো চোটই নতুন করে বিপদে ফেলেছে শচীনকে। ওই চোটের কারণে চেস্টার লি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচে খেলা হয়নি তার।
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর জানা যায় যে সম্পূর্ণ সুস্থ হতে শচীনের চার থেকে ছয় সপ্তাহ লাগবে। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে খেলা হচ্ছে না শচীনের। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
এর আগে ইংল্যান্ড সফরের বিভিন্ন পর্যায়ে চোটের কারণে জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং, ইশান্ত শর্মা, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও রোহিত শর্মা দেশে ফিরে যান।
চোটের কারণে এরই মধ্যে একদিনের খেলার জন্য ভারত ডেকে পাঠিয়েছে রবীন্দ্র জাদেজা ও মনোজ তিওয়ারিকে।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন শচীন। চার টেস্টে আট ইনিংসে ৩৪.১২ গড়ে করেন ২৭৩ রান। সর্বোচ্চ ৯১।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে শতরানের শতক হাঁকানোর দ্বারপ্রান্তে দাঁড়ানো শচীনের অপেক্ষার পালা আরো বেড়েছে। অন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ শতকের অধিকারী শচীনকে আন্তত অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
অক্টোবরে ভারত সফরে আসবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৮ ঘ.
bdnews24