ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পেয়ে দলের বাইরে চলে গেছেন রোহিত শর্মা। এতে কপাল খুলে গেছে মনোজ তিওয়ারির। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের একদিনের দলে বদলি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
ডারহামের চেস্টার লি স্ট্রিটে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে আঙ্গুলে চোট পান রোহিত। ফলে সিরিজের কোনো খেলায় মাঠে নামতে পারবেন না তিনি। খেলাটি ভেসে যায় বৃষ্টিতে।
তিওয়ারি ভারতের হয়ে মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেন। এর মধ্যে শেষ দু'টো খেলেন জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এতে তিনি রান করেন ২ ও ২২।
ইংল্যান্ড সফর ভারতের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চার টেস্টের সিরিজের সব খেলায় হেরেছে। হার মানতে হয়েছে একমাত্র টি-টোয়েন্টিতেও। এ কথা তুলে ধরে তিওয়ারি বলেন, "এ অবস্থায় দেশের হয়ে খেলা আমার জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ।"
"যদি আমি দলে জায়গা পাকা করতে চাই, তাহলে চাপের মুখে আমাকে অবশ্যই রান করতে হবে," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৪ ঘ.
bdnews24