ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ম্যাচে খেলতে চান ইংল্যান্ডের উপরের সারির ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
ভারতের বিপক্ষে চলমান একদিনের সিরিজে নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন পিটারসেনকে। এ বছর তিনি আর খেলতে পারবেন না এমন রিপোর্ট পাওয়ার পর নির্বাচকরা তাকে একদিনের সিরিজে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেন।
তবে আগামী মাসে ভারত সফরে খেলতে পারবেন বলে আশা করছেন পিটারসেন। কব্জির চোটের কারণে বিশ্রাম দেয়া হয়েছে তাকে।
এর আগে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। পিটারসেন খেলতে চান ওই দুই ম্যাচেও।
পিটারসেন ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলেন। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাকে গুরুত্ব দিয়ে ভাবছে ইংল্যান্ড।
দ্য মেইলকে পিটারসেন বলেন, "এই মাসের শেষ দিকে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ পাচ্ছি। এর পর ভারতে তিনটি একদিনের ম্যাচ রয়েছে। আমি ভারতে ছয় ম্যাচের সবকটিতে খেলতে চাই।"
তিনি বলেন, "অবশ্যই আমি সব ম্যাচ খেলতে চাই। আমার আরো চার-পাঁচ বছর খেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি অ্যাশেজ সিরিজও রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৩ ঘ.
bdnews24