২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের চোট নিয়ে ভাবনায় ধোনি

ইংল্যান্ড সফরে ভারতের আহত খেলোয়াড়দের তালিকা দিন দিন বড় হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে ভারতের আহত খেলোয়াড়দের তালিকা দিন দিন বড় হচ্ছে। টেস্ট সিরিজের পর এবার একদিনের সিরিজেও ভারতের খেলোয়াড়রা চোটের কারণে দেশে ফেরার কথা ভাবছেন। ম্যাচের আগের দিন পায়ে ব্যাথা পাওয়ার খেলেন নি শচীন টেন্ডুলকার। একদিনের সিরিজেই তার খেলা এখন অনেকটা অনিশ্চিত। ছন্দে থাকা রোহিত শর্মা ব্যাটিংয়ে নেমে প্রথম বল খেলতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন। স্টুয়ার্ট ব্রডের বল সরাসরি হাতে লাগলে ওই ম্যাচে আর ব্যাট করতে নামেন নি তিনি। এবার দেশেই ফিরে যাচ্ছেন তিনি। তার বদলে ডেকে পাঠানো হয়েছে মনোজ তিওয়ারীকে। ভারত আহত খেলোয়াড়দের একাদশ ঘোষণার কাছাকাছি রয়েছে। দলের তারকা সব খেলোয়াড় চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। এরই মধ্যে ইংল্যান্ড সফরের বিভিন্ন পর্যায়ে আহত হয়ে দেশে ফিরেছেন জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং, ইশান্ত শর্মা, বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভির। চোটে পড়তে পারতেন ধোনি নিজেও। ম্যাচ শুরুর আগে শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলকে সুখবরই শুনিয়েছেন তিনি। দুই মাসের কম সময়ের মধ্যে ভারত দলের সাতজন নিয়মিত খেলোয়াড়কে হারিয়েছে। খেলায় এর ভালো প্রভাব পড়ছে। ইংল্যান্ডের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ৪-০ ব্যবধানে। এর পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হারতে হয়েছে তাদের। ধোনি বলেন, "বিপর্যয় চার পাশ থেকেই আসে। প্রতিটি ম্যাচে দলের উপর বিপদ বাড়ছে। হরভজনের চোট দিয়ে এর শুরু। প্রথম টেস্টে দ্বিতীয় পালায় বল করতে পারলেন না তিনি। গৌতম গম্ভির দ্বিতীয় পালায় ব্যাট করতে পারেন নি। অনেক কিছুই ঘটছে তবে তার পরও আমরা আমাদের সাধ্যমত লড়াই করছি।" ছায়া স্কোয়াডের রূপ নেয়া ভারতীয় দলে নিজের পছন্দের একাদশ নামানো এখন ধোনির কাছে অসম্ভব এক স্বপ্ন। তিনি বলেন, "নিজের সেরা একাদশ নিয়ে সব সময় খেলা খুব কঠিন। চোটের কারণে এটা করা যায় না। তবে এবার সবকিছু আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৩ ঘ.