ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাতেন্দা তাইবুর দৃঢ়তায় বুলাওয়ে টেস্টের চতুর্থ দিন পাকিস্তানকে ঠেকিয়ে রাখলেও পঞ্চম দিন জয় দেখছে সফরকারীরা।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে রোববার একমাত্র টেস্টের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় পালায় জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১৩৫ রান। জিম্বাবুয়ে এগিয়ে আছে ৮১ রানে।
এক প্রান্তে তাইবু ৫৮ ও অন্য প্রান্তে কাইল জার্ভিস ২০ রানে ব্যাট করছেন। নবম উইকেটে তারা এ পর্যন্ত যোগ করেছেন ৬৬ রান। তাইবু তার ১২৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চার ও ১টি ছয় দিয়ে।
এর আগে নিজেদের প্রথম পালায় জিম্বাবুয়ে করে ৪১২ রান। জবাবে পাকিস্তান থামে ৪৬৬ রানে। এতে সফরকারীরা এগিয়ে যায় ৫৪ রানে।
প্রথম পালায় দুই দলই চারশ পেরুনো রান করায় নি®প্রাণ ড্রয়ের আভাস পাওয়া যাচ্ছিল চতুর্থ দিনের অর্ধেক সময় পর্যন্ত। কিন্তু ৫৪ রানে পিছিয়ে থেকে জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে একরকম ধ্বংস্তুপে পরিণত হয়।
জিম্বাবুয়ের সাতজন ব্যাটসম্যান দু'অঙ্কের কোঠায় পৌঁছার আগেই ফেরেন সাজঘরে। দুই অপরাজিত ব্যাটসম্যান ছাড়া প্রথম পালায় শতক তুলে নেয়া টিনো মায়োয়ো (১২) একমাত্র পৌঁছান দু'অঙ্কের কোঠায়।
এক পর্যায়ে ৬৯ রানে ৮ উইকেটে ধুঁকতে থাকা স্বাগতিকদের আরো বড় বিপদ থেকে টেনে তুলেন তাইবু ও জার্ভিস।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ ৪ উইকেট নেন ৩১ রানে।
এর আগে ৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে পাকিস্তান চতুর্থ দিন শুরু করে। দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে যোগ করে আরো ১০৩ রান। মধ্যাহ্ন-বিরতির পর আর ৬ রান যোগ করে হারায় শেষ দুই উইকেট। ৪৬৬ রানে গুটিয়ে গেলেও ৫৪ রানের ছোট লিড শেষ পর্যন্ত পাকিস্তানকে অনেক দূর এগিয়ে রাখে।
ইউনুস খান ও আদনান আকমল সকালে সতর্কতার সঙ্গে ব্যাট করে দলকে প্রথম পালায় এগিয়ে নেন। ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের রান করে অতিক্রম করার পর পরই রান আউট হয়ে বিদায় নেন আদনান (৩৬)। দলের রান তখন ৪১৫।
এর পর বেশিক্ষণ টেকেননি শুরু টেকেন নি ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে থাকা ইউনুসও (৮৮)। তার ২৬৫ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে।
তার বিদায়ের পর পরই শেষ যায় পাকিস্তানের বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
জিম্বাবুয়ের পক্ষে গ্রেগ ল্যাম্ব ৩ উইকেট নেন ১২০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৩ ঘ.
bdnews24