ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম জয়ের দেখা পাওয়ার পর রিকি পন্টিংয়ের জন্য অপেক্ষা করছে আরেক খুশির সংবাদ। দ্বিতীয় বারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি।
আর এই সময়ে স্ত্রীর পাশে থাকতে দেশে উড়ে যাচ্ছেন দেশে। তাই খেলা হচ্ছে না দ্বিতীয় টেস্ট। তিন টেস্টের সিরিজের প্রথমটি অস্ট্রেলিয়া জিতেছে ১২৫ রানে।
বৃহস্পতিবার ক্যান্ডিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শন মার্শের।
গল টেস্ট জয়ের পরপরই বিমানের টিকিট কেটে ফেলেন পন্টিং। প্রায় এক সপ্তাহের জন্য জন্য দেশে যাচ্ছেন তিনি। আশা করছেন তৃতীয় টেস্ট খেলার জন্য সময় মতো শ্রীলঙ্কা ফিরতে পারবেন তিনি।
পন্টিং বলেন, "মঙ্গলবার রিয়ান্না স্ক্যান করিয়েছে। চিকিৎসকরা মনে করছেন সন্তান জন্ম দেয়ার সময় চলে এসেছে। গল টেস্ট দ্রুত শেষ করার ব্যাপারে খুব তৎপর ছিলাম। যেন আজ রাতেই বিমানে উঠতে পারি।"
"আমি রোববার নাগাদ ফিরতে চাই। সব ঠিক থাকলে সময় মতো ফিরতে পারবো বলে আশা করছি," যোগ করেন পন্টিং।
নিজের শততম টেস্ট জয় নয় বরং অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের ভালো শুরুকে বেশি গুরুত্ব দিয়েছেন পন্টিং। তিনি বলেন, "ক্লার্ক অনেক টেস্ট খেলেছেন, জিতেছেন। কিন্তু এবারের জয় খুব গুরুত্বপূর্ণ। কারণ, অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৮ ঘ.
bdnews24